

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জ্বালানি তেলের সংকটে দেশের পরিস্থিতি দিন দিন আরও খারাপ দিকে যাওয়ায় দ্রুত সমাধানে সরকারের প্রতি আবারও অনুরোধ জানিয়েছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (৯ মার্চ) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে জামায়াত আমির লিখেছেন, আজ রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় জ্বালানি তেল নিতে মানুষের যে দুর্ভোগের ছবি দেখা যাচ্ছে- কিলোমিটারের পর কিলোমিটার লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা- তা সত্যিই খুব কষ্টের। রোজা রেখে অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন, কারও গাড়ির তেল একেবারে শেষ হয়ে গেছে।
‘এই সংকট শুধু সাধারণ মানুষের যাতায়াতেই নয়, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার ওপরও প্রভাব ফেলছে। সামনে ঈদের যাত্রা শুরু হবে- এই পরিস্থিতি দ্রুত সমাধান না হলে মানুষের ঈদযাত্রা আরও কঠিন হয়ে পড়বে। আমরা এর আগেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম দ্রুত বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহের উদ্যোগ নিতে। কিন্তু পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। তাই সরকারের প্রতি আবারও অনুরোধ থাকবে- দ্রুত উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক অংশীদার ও বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হোক।’
পোস্টের শেষে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে ডা. শফিকুর রহমান লিখেছেন, এই সময়ে ধৈর্য ধরুন এবং অপ্রয়োজনে জ্বালানি ব্যবহার থেকে বিরত থাকুন। আল্লাহ আমাদের সবাইকে এই সংকট থেকে উত্তরণের তাওফিক দিন।
মন্তব্য করুন
