শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের ৫৬ বছরেও প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পিএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
expand
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতি হিসেবে স্বীকৃতি পেলেও গত ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ১০০ ফিটে জেসিআই কার্নিভালে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

ফ্যাসিবাদী শাসনমুক্ত পরিবেশে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই দেশ আমাদের, তাই অন্য কেউ এটি গড়ে দিয়ে যাবে না।

মির্জা ফখরুল বলেন, দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ, বিপুল জনগোষ্ঠী ও সীমিত খনিজসম্পদ সত্ত্বেও ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় অর্জন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের পথ ধরেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে শঙ্কা প্রকাশ করে তরুণ প্রজন্মকে বিভ্রান্তি থেকে দূরে থাকার পরামর্শ দেন। পাশাপাশি হতাশ না হয়ে নতুন উদ্যোগের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তরুণদের এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ায় ১৬ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ। অস্ট্রেলিয়া একটা উন্নত দেশ। ১৬ বছর বয়স পর্যন্ত তারা সোশ্যাল মিডিয়াকে ব্যান করে দিয়েছে তাদের ছেলেমেয়েদের জন্য।

তিনি আরও বলেন, এখনো প্রায় ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে এবং অনেকেই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। তবে নানা খাতে দেশের বিভিন্ন অগ্রগতির দিক তুলে ধরে খাদ্য ঘাটতি থেকে উত্তরণে বাংলাদেশ সক্ষম হওয়ায় আশাবাদও প্রকাশ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন