শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ মাথাব্যথা, তখনই বাবাকে হাসপাতালে নেওয়া হয়: ইয়াসির আব্বাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৪:৪৬ এএম
মির্জা আব্বাস
expand
মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) তার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন তার ছেলে ইয়াসির আব্বাস। হাসপাতালে বাবাকে দেখতে গিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় ইয়াসির আব্বাস বলেন, বাবাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় নানা ধরনের কথা ছড়ানো হলেও বাস্তবে তেমন কিছু ঘটেনি।

তিনি বলেন, ‌‘বাবাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ও বিভিন্ন জায়গায় অনেকরকম কথা ছড়িয়েছে। আসলে ওরকম কিছু না। যেহেতু বয়স হয়েছে এবং কাজের চাপটাও একটু বেশি ছিল। সঙ্গে রোজা রেখে একটু স্ট্রেসের মধ্যে পড়ে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ! আমি মনে করি, বাবা এখন অনেক ভালো আছেন—আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তিনিও সবার কাছে দোয়া চেয়েছেন।’

ঘটনার বর্ণনা দিয়ে ইয়াসির আব্বাস বলেন, ‘ইফতারের সময় হঠাৎ করেই বাবা অসুস্থ হয়ে পড়েন। আসলে যেটা হয়েছিল, ইফতার করতে বসেছি আমরা। আমরা রোজা ভেঙে (ইফতার) নামাজ পড়তে যাই। মাগরিবের নামাজ শুরু করে দ্বিতীয় রাকাতে খুব সম্ভবত তার মাথা ব্যথা অনুভূত হয়। এটা বেশি হওয়ায় পরে আমরা নামাজ ছেড়ে তাকে ধরি। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে আমরা হাসপাতালে নিই। তিনি আসতে চাচ্ছিলেন না, কিন্তু প্রচণ্ড মাথা ব্যথার কথাও বলছিলেন।’

তিনি জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেন এবং চিকিৎসা শুরু করেন।

বর্তমানে মির্জা আব্বাস রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং দলের শীর্ষ নেতারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন