সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির পার্টি অফিস ফিরে পেতে মালিকপক্ষের আবেদন ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির পার্টি অফিস হিসেবে ব্যবহৃত ঘরটি ফিরে পেতে মালিকপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দুটি লিখিত আবেদন করেছেন।

শহরের থানা রোডে অবস্থিত ওই অফিস ঘরটি ১৯৮০ সাল থেকে বিএনপির পার্টি অফিস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম মাহবুবুর রহমানের ছেলে আসাদুজ্জামান মিঠু মিয়ার করা এই আবেদনটি গত শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

সর্বশেষ ওই অফিসে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ দলীয় কর্মকাণ্ড চালাচ্ছিলেন। তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বহিষ্কৃত হন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।

আসাদুজ্জামান মিঠু মিয়ার আবেদনে উল্লেখ করা হয়, তাদের পৈতৃক বাড়ির নিচতলায় দীর্ঘদিন ধরে বিএনপির পার্টি অফিস হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সম্প্রতি সাইফুল ইসলাম ফিরোজ দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

বাড়ির মালিক আরও জানান, ভাড়াটিয়া সংশ্লিষ্টদের কার্যালয়টি ছাড়ার জন্য অনুরোধ করা হলেও তারা এখনও সেখানে অবস্থান করছেন।

মালিকপক্ষের দাবি, তারা বর্তমানে ওই ঘরটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করতে চান, কিন্তু কার্যালয় ছাড়তে অনীহা দেখানোর কারণে তারা উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এতে তারা উপজেলা ও থানা প্রশাসনের হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

বিএনপির দলীয় কার্যালয় ঘর-সংক্রান্ত বিষয়ে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘একটি পক্ষ পার্টি অফিস নিয়ে শত্রুতা করছে। আবেদনকারী মিঠু ঘরের মালিক নন। মূল ঘরমালিক কামরুজ্জামান বাইরে আছেন। তাঁর সঙ্গে কথা বলে সমাধান করবেন।’

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, ‘সরকারি ছুটিতে অফিস বন্ধ থাকায় এমন কোনো আবেদন পাননি। ফেসবুকে একটি আবেদন দেখেছেন। এটি ঘরমালিক ও ভাড়াটিয়াদের বিষয়। থানা প্রশাসন বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।’ কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, বিএনপি অফিসের ঘর-সংক্রান্ত একটি আবেদন পেয়েছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনাসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X