রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে পারফরম্যান্স কমিয়ে মন্ত্রণালয়ে মনোযোগ দিন: স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুয়াদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম
ছবি: সংগৃহীত
expand

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সংসদের পারফরম্যান্স কমিয়ে তার মন্ত্রণালয়ে আরও মনোযোগ দেওয়া উচিত বলে পরামর্শ দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সম্প্রতি এনপিবি নিউজ আয়োজিত ‘প্রশ্নের মুখোমুখি’ টকশোতে অংশ নিয়ে তিনি এ পরামর্শ দেন।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘আমাদের মনে হয়েছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই যে পরিমাণ পারফরম্যান্স সংসদে করছেন, তার সেই পারফরম্যান্স সংসদ থেকে অর্ধেক কমিয়ে হলেও মন্ত্রণালয়ে তার মনোযোগ দেওয়া দরকার। তা না হলে সবাই মিলে বিব্রতকর অবস্থায় পড়বে।’

দেশে সাম্প্রতিক ঝটিকা মিছিলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব ঘটনার পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি, স্থানীয় রাজনৈতিক নেতাদের ইন্ধন কিংবা অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র থাকতে পারে। বিষয়গুলো খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

‘এবি’ পার্টির এ নেতা বলেন, ‘ঝটিকা মিছিল কেন হচ্ছে, কারা এর সঙ্গে জড়িত এবং স্থানীয় প্রশাসন ও পুলিশ কী ভূমিকা পালন করেছে, তা খতিয়ে দেখা দরকার। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এসব মিছিল করছে কি না, তাও তদন্ত করা প্রয়োজন।’

নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে দোষারোপের রাজনীতিতে না গিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ফুয়াদ বলেন, ‘তা না হলে মূল ঘটনা আড়ালে চলে যাবে।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিচারপ্রক্রিয়া আরও দ্রুত করার ওপরও গুরুত্ব দেন তিনি। দল হিসেবে আওয়ামী লীগ এবং ব্যক্তি হিসেবে যাদের বিচারের মুখোমুখি করা প্রয়োজন, তাদের বিষয়ে প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

সীমান্তের ওপার থেকে অর্থ ও অস্ত্রের মাধ্যমে সন্ত্রাসীদের পাঠানোর অভিযোগ তুলে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এ বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে পূর্ণাঙ্গ চিত্র সরকারের সামনে থাকা দরকার।

তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি সবাই এখানে বিএনপি হোক, জামায়াত হোক এবং কমন শত্রু হচ্ছে আওয়ামী লীগ। অতএব, সেই জায়গায় দোষাদোষীতে যাওয়ার মধ্য দিয়ে দেশের কোনো বেনিফিট নেই।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank