

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত এবং দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দুই নেতাকে তাদের সব সাংগঠনিক ও প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
গত ১১ আগস্ট প্রকাশিত প্রথম বিজ্ঞপ্তিতে ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার যুগ্ম-আহ্বায়ক আলামিন ফারাজিকে বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ১৪ আগস্ট প্রকাশিত দ্বিতীয় বিজ্ঞপ্তিতে ঢাবির স্যার এ এফ রহমান হল শাখার যুগ্ম-আহ্বায়ক ফাইয়াজ মো. শারাফ ফাহিমকে বহিষ্কারের কথা জানানো হয়। তার ক্ষেত্রেও একই ধরনের সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততা ও দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগের কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


