বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র কেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১০:০৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের নামে দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর নিজ দপ্তরের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ইসির সিনিয়র সচিব বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় বিষয়টি দেখা হবে। প্রথম মনোনয়নপত্র কোনো কারণে বাতিল হলে দ্বিতীয়টি যাচাই করা হবে।

তবে একই প্রার্থীর নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়ার কারণ ব্যাখ্যা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। কোনো একটি ফরমে তথ্যগত ভুল থাকলে বিকল্পটি যেন কাজে লাগে, সে জন্যই দুটি ফরম দেওয়া হয়েছে। বিভিন্ন নির্বাচনে এমনটি হয়ে থাকে বলেও জানান তিনি।

ইসি সূত্রে জানা গেছে, আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। এ সময় সংসদ সচিবালয়ের একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন। প্রার্থীদের প্রস্তাবক ও সমর্থকদের স্বাক্ষরও যাচাই করা হবে।

তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। একাধিক বৈধ প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৪ জুলাই ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তিনি ছিলেন দেশের ২২তম রাষ্ট্রপতি। তার পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে ইসি। গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এবার রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও জামায়াত-সমর্থিত জোট প্রার্থী দিয়েছে। একাধিক প্রার্থীর মনোনয়ন বৈধ হলে দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণের পরিস্থিতি তৈরি হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank