

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, ‘ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) নেতাদের ‘ফাঁদে পা দিয়ে’ আজ নাসীরুদ্দীন পাটোয়ারীর ভাষায় কথা বলছেন কর্নেল অলি আহমদ। জামায়াতে যাওয়ার পর এভাবে যে তার অধঃপতন হবে, তা ভাবতেও পারিনি।’
বুধবার (১২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র, সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণ’ শীর্ষক এক সেমিনারে তিনি এই কথা বলেন।
জামায়াতে ইসলামী প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘একসময় তিনি (কর্নেল অলি আহমদ) বলেছিলেন, জামায়াতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। অথচ এখন তিনি জামায়াতের নেতৃত্ব মেনে নিয়েছেন। তখন কি এটা তিনি ভাবেননি?’
বিএনপি সরকারের সমালোচনা প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘তাদের কোনো ইস্যু নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশ পরিচালনা করছেন, তাতে কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কিন্তু তারা এই মুহূর্তে বিএনপি সরকারের পতন চাচ্ছে।’
তিনি প্রশ্ন করেন, ‘বিএনপি সরকারের পতন হলো, এরপর আপনারা কে ক্ষমতা চালাবেন?’
এ প্রসঙ্গে রাশেদ খান আরও বলেন, ‘কেউ বলছে এক মিনিটে গণঅভ্যুত্থান ঘটিয়ে দেবে, কেউ বলছে তিন দিনে ঘটিয়ে দেবে, কেউ বলছে সাত দিনে। কিন্তু একজন মুরব্বি মানুষ, সম্মানিত মানুষ, বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ যে ভাষায় কথা বলেছেন, সেটা কোনোভাবেই রাজনীতির ভাষা হতে পারে না।’
তিনি বলেন, ‘জামায়াতে যাওয়ার পর এভাবে যে একজন সম্মানিত ও প্রবীণ রাজনীতিকের অধঃপতন হতে পারে, কর্নেল অলি আহমদের বক্তব্য না শুনলে তা বিশ্বাস করাই কঠিন।’

