শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ, নেতাকর্মীদের ঢল

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৩:৩৭ পিএম
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ শুরু
expand
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ শুরু

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ শুরু হয়েছে।

শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।

এই সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মী সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এরই মধ্যে সমাবেশে যোগ দেন। এরই মধ্যে নয়াপল্টন সড়ক পরিপূর্ণ হয়ে একদিকে কাকরাইল অন্যদিকে নটরডেম কলেজ পর্যন্ত গিয়ে ঠেকেছে এই সমাবেশ।

এদিকে এই সমাবেশের শৃঙ্খলা ধরে রাখতে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন ইউনিটসমূহকে স্থান ভাগ করে সেই অনুযায়ী অবস্থান নিতে বলা হয়েছে। দলীয় নির্দেশনা অনুযায়ী শ্রমিক দল হক বে হইতে নয়াপল্টন মসজিদ পর্যন্ত রাস্তার দুই পাশে এবং মূল মঞ্চের সামনে অবস্থান নিয়েছে।

এর আগে, বৃষ্টি উপেক্ষা করে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। শ্রমিক দল নেতা আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হয়।

গাজীপুর, নারায়নগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ জেলার শিল্প-কলকারখানার শ্রমিকরা এই সমাবেশে অংশ নেবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও তার আশপাশের এলাকায় সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।

বিএনপির কার্যালয়ের সামনে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। বিছানো হয়েছে লাল কার্পেট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন