

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ডিসেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বড়দিনের পর তার এই সফর অনুষ্ঠিত হবে বলে ঢাকা ও রোমের কূটনৈতিক সূত্রে জানা গেছে। সফর ঘিরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তুতি চলছে।
এর আগে চলতি বছরের ৩০ আগস্ট মেলোনির ঢাকা আগমনের পরিকল্পনা ছিল। তবে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। রাশিয়া–ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি এবং ইউরোপীয় রাজনৈতিক ব্যস্ততার কারণে তখন তার এশিয়া সফর—যার মধ্যে বাংলাদেশ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান ছিল—স্থগিত হয়ে যায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “ডিসেম্বরের শেষ সপ্তাহে ইতালির প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখনো নিরাপত্তা সংক্রান্ত অনুমোদনের কিছু প্রক্রিয়া বাকি রয়েছে, তবে আমরা আশাবাদী—সব কিছু দ্রুতই সম্পন্ন হবে।”
তিনি আরও বলেন, “ইউরোপের ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে আগের সফরটি স্থগিত হয়েছিল। এবার সেটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে দুই পক্ষই ঘনিষ্ঠভাবে কাজ করছে।”
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে এটি ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার প্রথম ঢাকা সফর হতে যাচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো জানায়, জর্জিয়া মেলোনির সফরে অভিবাসন, প্রতিরক্ষা সহযোগিতা ও বাণিজ্য সম্পর্ক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।
গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেছিলেন মেলোনি। সেখানে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছিল।
এর আগে চলতি বছরের মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি ঢাকা সফরকালে মেলোনির সফর নিয়ে আলোচনা করেন। সেই সময়ই ডিসেম্বরের সফরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টার রোম সফর ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সম্মেলনে অংশগ্রহণের সময়ও বিষয়টি পুনরায় আলোচনায় আসে।
১৯৯৮ সালে ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি প্রথমবারের মতো ঢাকা সফর করেছিলেন। তার পর দীর্ঘ ২৭ বছর পর আবারও কোনো ইতালীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে আসতে যাচ্ছেন। কূটনৈতিক মহলে এই সফরকে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন
