শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন পে স্কেলের কারণে কিছুটা মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা রয়েছে: তথ্য উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম
ছবি: এনপিবি গ্রাফিক্স
expand

নতুন বেতন স্কেল বাস্তবায়নের ফলে মানুষের হাতে অর্থ বাড়ায় মূল্যস্ফীতির ঝুঁকি আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে নতুন স্কেলে সরকারি কর্মচারীদের সবার বেতন দ্বিগুণ হয়ে যাবে বিষয়টি এমন নয় বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে মূল্যস্ফীতি ও নতুন বেতন স্কেল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, বর্তমানে দেশের মূল্যস্ফীতি অনেক বেশি। একটি অর্থনীতিতে কিছুটা মূল্যস্ফীতি থাকা স্বাভাবিক এবং ৫ থেকে ৬ শতাংশের মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকতে পারে। কিন্তু বাংলাদেশের মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে দুই অঙ্কে পৌঁছে গিয়েছিল। বর্তমানে অবশ্য তা কিছুটা কমেছে।

নতুন বেতন স্কেল কার্যকর হলে মূল্যস্ফীতির ওপর প্রভাব পড়বে কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, মানুষের যদি বেতন বৃদ্ধি পায়, কিছুটা মূল্যস্ফীতির ঝুঁকি আছে।

তবে নতুন বেতন স্কেলে বেতন ১০০ শতাংশ বাড়ার তথ্য দেখে সবার বেতন দ্বিগুণ হয়ে যাবে এমন ধারণা ঠিক নয় বলে ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, দীর্ঘদিন নতুন বেতন স্কেল না হওয়ায় অনেক সরকারি কর্মচারী নিয়মিত ইনক্রিমেন্ট পেতে পেতে এমন পর্যায়ে পৌঁছেছেন, যেখানে তাদের বর্তমান বেতন নতুন স্কেলের প্রস্তাবিত বেতনের কাছাকাছি।

তিনি বলেন, বেতন অনেক বেশি বেড়ে যাবে, যে দেখতে মনে হচ্ছে যে ১০০ শতাংশ যখন স্কেলের উন্নতি হয়ে যাবে, তখন তার বেতন ডাবল হয়ে যাচ্ছে, কথাটা কিন্তু এইরকম না।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, অনেক সিনিয়র কর্মচারীর বেতন নিয়মিত ইনক্রিমেন্টের কারণে নতুন স্কেলের কাছাকাছি চলে গেছে। ফলে নতুন স্কেল বাস্তবায়নের পর তাদের হাতে যে পরিমাণ অতিরিক্ত অর্থ যাবে, তা কাগজে-কলমে মূল বেতন বৃদ্ধির হারের মতো বড় হবে না।

তিনি বলেন, অনেক সিনিয়র এমপ্লয়ি (কর্মকর্তা) আছেন, নতুন স্কেলে তার যে বেতন হবে, ইনক্রিমেন্ট হতে হতে তারা তার কাছাকাছি পৌঁছে গেছেন।

তবে মানুষের হাতে অতিরিক্ত অর্থ যাওয়ার কারণে মূল্যস্ফীতির কিছুটা ঝুঁকি থাকবে বলে স্বীকার করেন তিনি। এ কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংককেও ভূমিকা রাখতে হবে বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank