শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ‘কালো ব্যাজ’ মিছিল কর্মসূচি ঘোষণা শিক্ষকদের

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৫:৩৮ পিএম
expand
এবার ‘কালো ব্যাজ’ মিছিল কর্মসূচি ঘোষণা শিক্ষকদের

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের জন্য বাড়ি ভাতা ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান আমরণ অনশন কর্মসূচির মধ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।

মঙ্গলবার (২১ অক্টোবর) মুখে কালো কাপড় বেঁধে রাজধানীতে মিছিল করবে সংগঠনটি।

তিনি বলেন, আজ থেকে আমাদের কর্মসূচি আমরণ অনশনে রূপ নিয়েছে। এরইমধ্যে চারজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রায় সবাই অসুস্থ। এ অনশনে যদি কোনো প্রাণহানি ঘটে, এর দায়ভার নিতে হবে শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারকে।

অধ্যক্ষ আজীজি অভিযোগ করেন, আপনারা যদি আবরার সাহেবের কূটচালে পা দিয়ে শিক্ষকদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ান, তাহলে সারা দেশ থেকে লং মার্চ করে তার অফিসে তালা দেওয়া হবে। আমরা আবরারের কোনো সিদ্ধান্ত মানি না, তাকে উপদেষ্টা হিসেবেও মানি না। তিনি যদি চান, তাহলে দাবি মেনে প্রজ্ঞাপন দিতে হবে, নয়তো তাকে শিক্ষা মন্ত্রণালয় ছাড়তে হবে।

তিনি আরও জানান, যারা শহীদ মিনারে উপস্থিত হতে পারবেন না, তারা প্রতিদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা ও উপজেলা সদরে অবস্থান কর্মসূচি পালন করবেন।

উল্লেখ্য, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা এবং উৎসবভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করার দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে ১২ অক্টোবর থেকে আন্দোলনে আছেন শিক্ষক-কর্মচারীরা।

সেদিন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু হলেও দুপুরে পুলিশের অনুরোধে তারা শহীদ মিনারে যান। পরে পুলিশের সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিপেটায় একপর্যায়ে শিক্ষকরা সরে যান। ওই ঘটনার প্রতিবাদে ১৪ অক্টোবর থেকে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি চলছে। শিক্ষক-কর্মচারীরা এরপর থেকে জাতীয় প্রেস ক্লাব ও শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে লংমার্চ ও শাহবাগ অবরোধসহ ধারাবাহিক কর্মসূচি পালন করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন