বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়ল আবেদনের সময়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৯:১৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সফটওয়্যার, ইন্টারনেট ও বিদ্যুৎসংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে না পারা আবেদনকারীদের সুবিধার্থে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইনে আবেদনের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী যোগ্য প্রার্থীরা এখন আগামী ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বিভাগের পরিচালক মো. মোশাররফ হোসেনের স্বাক্ষরে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়।

এর আগে এসব সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। তবে মাঠপর্যায়ের কর্মকর্তা ও সাধারণ আবেদনকারীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ইন্টারনেট, সফটওয়্যার ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে ব্যর্থ হয়েছেন। সাধারণ মানুষের কথা বিবেচনা করেই আবেদনের সময়সীমা আরও ১৬ দিন বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের এই কার্যক্রমে যেসকল ভাতা ও উপবৃত্তি অন্তর্ভুক্ত রয়েছে

১. বয়স্ক ভাতা

২. বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা

৩. প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি

৪. হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নমূলক ভাতা ও উপবৃত্তি

৫. চা-শ্রমিকদের জন্য নির্ধারিত ভাতা ও শিক্ষা উপবৃত্তি।

নির্ধারিত যোগ্যতা সম্পন্ন যোগ্য প্রার্থীরা সমাজসেবা অধিদপ্তরের নির্দিষ্ট অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য সমাজসেবা অধিদপ্তর অনলাইন আবেদন পোর্টাল-এ প্রবেশ করতে হবে।

সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বের অনলাইন আবেদন গ্রহণের ক্ষেত্রে যে সমস্ত নির্দেশনা ও শর্তাবলী দেওয়া হয়েছিল, বর্ধিত সময়ের ক্ষেত্রেও সেগুলো পুরোপুরি বহাল থাকবে। বিভাগীয় ও মাঠপর্যায়ের সকল সমাজসেবা কার্যালয়কে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণের প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে কাঙ্ক্ষিত ভাতা বা শিক্ষা উপবৃত্তি পেতে আগ্রহী যোগ্য আবেদনকারীদের অবশ্যই ৩১ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank