বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনআইডিতে জন্মতারিখ সংশোধনে নতুন সিদ্ধান্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৭:১৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

এখন থেকে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা এবং এনআইডি উইংয়ের কর্মকর্তারা শিক্ষা সনদের ভিত্তিতে সরাসরি জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তি করতে পারবেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলামের সই করা এক পরিপত্রে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, এসএসসি বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদনগুলো ‘ক’ ক্যাটাগরিভুক্ত হিসেবে গণ্য হবে। এসব আবেদন মাঠপর্যায়ের উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা এবং এনআইডি উইংয়ের সহকারী পরিচালক, উপপরিচালক বা পরিচালকরা নিষ্পত্তি করতে পারবেন। তবে শিক্ষা সনদের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য প্রমাণাদি ও দলিলাদি গ্রহণের ক্ষেত্রে ২০২৫ সালের ২৪ ডিসেম্বরে জারি করা বিদ্যমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করতে হবে।

অনলাইনে আবেদন অনুমোদন বা বাতিলের সময় কর্মকর্তাদের কাস্টমার ম্যানেজমেন্ট সিস্টেমে (সিএমএস) আবশ্যিকভাবে নোট দেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে পরিপত্রে।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের এই কার্যক্রম নিয়মিত নজরদারিতে রাখবেন আঞ্চলিক ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা। তারা প্রতি মাসে দৈবচয়ন (র‍্যান্ডম) ভিত্তিতে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার অন্তত তিনটি আবেদন ঠিকভাবে নিষ্পত্তি হয়েছে কি না, তা যাচাই করে প্রতিবেদন তৈরি করবেন। সেই প্রতিবেদন পরিচালক (অপারেশন্স)-এর কাছে পাঠাতে হবে।

অন্যদিকে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ দিয়ে জন্মতারিখ সংশোধন এবং জন্মতারিখের পাশাপাশি নিজ নাম ও পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তন সংক্রান্ত আবেদনগুলো মাঠপর্যায়ে নিষ্পত্তি হবে না; এগুলো সরাসরি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) পর্যায়ে নিষ্পত্তি করা হবে।

পরিপত্রে আরও সতর্ক করে দেয়া হয়েছে, জন্মতারিখ, নিজ নাম ও পিতা-মাতার নাম সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই তথ্য বা ফিল্ডে দ্বিতীয়বার সংশোধন করা যাবে না। সব সংশ্লিষ্ট কর্মকর্তা ও দফতরকে এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank