বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হয়, কী বলছে আইন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৭:১২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে একাধিক প্রার্থী থাকলেই কেবল ভোট হবে। সে ক্ষেত্রে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ তফশিল ঘোষণা করেন। তিনি জানান, এ নির্বাচনে নির্বাচনি কর্তার দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তফশিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হয়।

রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হয়?

সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি জাতীয় সংসদের সদস্যদের ভোটে নির্বাচিত হন। অর্থাৎ, এ নির্বাচনে সাধারণ ভোটার অংশ নেন না; কেবল সংসদ সদস্যরাই ভোটাধিকার প্রয়োগ করেন।

রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। মনোনয়নপত্রে একজন সংসদ সদস্যকে প্রস্তাবক এবং আরেকজনকে সমর্থক হিসেবে স্বাক্ষর করতে হবে। পাশাপাশি প্রার্থীর নিজের সম্মতিসূচক স্বাক্ষরও থাকতে হবে।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, একজন বৈধ প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। আর একাধিক প্রার্থী হলে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে গোপন ব্যালটে ভোট গ্রহণের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইতোমধ্যে সংসদ সচিবালয় থেকে গ্রহণ করা হয়েছে। নির্বাচন আয়োজনের প্রস্তুতিও শেষ পর্যায়ে রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত একক প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সে ক্ষেত্রে ভোট গ্রহণের প্রয়োজন হয় না। এবারও যদি একজন বৈধ প্রার্থী থাকেন, তাহলে ১৮ আগস্টই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।

উল্লেখ্য, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ হয়েছিল। এরপর প্রতিটি রাষ্ট্রপতি নির্বাচনেই ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন