শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি খেলাফত মজলিসের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৬:৫৫ পিএম আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম
ছবি: এনপিবি
expand
ছবি: এনপিবি

সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। একই সঙ্গে জুলাই ও শাপলা গণহত্যাসহ ফ্যাসিবাদী অপশক্তির বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছে দলটি।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত খেলাফত মজলিসের ত্রৈমাসিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে এ দাবি জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

বৈঠকে নেতারা বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠ মানুষের গণরায় উপেক্ষা করে নিজস্ব প্রক্রিয়ায় সংবিধান সংশোধনের উদ্যোগ নিচ্ছে। তাদের দাবি, জনগণ এমন একটি সংবিধান সংস্কার চায়, যার মাধ্যমে ভবিষ্যতে স্বৈরাচার ও ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার সব পথ বন্ধ হয়ে যাবে।

নেতারা আরও বলেন, জুলাই জাতীয় সনদে সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন আনার মতো গুরুত্বপূর্ণ প্রস্তাবনা রয়েছে। এসব প্রস্তাব কেবল বিদ্যমান সংশোধনী প্রক্রিয়ার মাধ্যমে সংযুক্ত করলে তা টেকসই হবে না। তাই গণভোটের রায়ের আলোকে মৌলিক শাসনতান্ত্রিক পরিবর্তনের ক্ষমতাসম্পন্ন একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা প্রয়োজন। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

পাশাপাশি জুলাই ও শাপলা গণহত্যাসহ ফ্যাসিবাদী অপশক্তির বিচার দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

বৈঠকে ভারতের দিল্লিসহ বিভিন্ন স্থানে ছাত্র-জনতার আন্দোলনে নরেন্দ্র মোদি সরকারের নিপীড়ন ও ধরপাকড়ের নিন্দা জানানো হয়। একই সঙ্গে সংখ্যালঘু মুসলমানদের জীবন, সম্পদ এবং মুসলিম ঐতিহ্যবাহী স্থাপনার ওপর হামলা-ভাঙচুর বন্ধে ভারত সরকারের ভূমিকার সমালোচনা করেন নেতারা।

ত্রৈমাসিক নির্বাহী বৈঠকে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন