শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০২:৩৬ পিএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
expand
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। বঙ্গভবনের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দেশে ফেরার পরই তার কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র হস্তান্তরের সময়সূচি চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেছিলেন মো. সাহাবুদ্দিন। মেয়াদ অনুযায়ী ২০২৮ সালের এপ্রিলে তার দায়িত্বকাল শেষ হওয়ার কথা ছিল।

তার কার্যকালে দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ কিছু ঐতিহাসিক ঘটনা ঘটে। এ সময়ে ব্যাপক গণঅভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকাল এবং পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশের ইতিহাস তিনিই একমাত্র রাষ্ট্রপতি, যিনি একই মেয়াদে আলাদা সময়ে ৩ জন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর দাবি উঠে আসছিল। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ প্রদানকালে বিরোধীদলীয় সংসদ সদস্যরা এর তীব্র প্রতিবাদ জানান।

সংবিধানের নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তাকে স্বহস্তে স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে দাখিল করতে হয়।

রাষ্ট্রপতি পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদই রাষ্ট্রের সর্বোচ্চ পদের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন। আর রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন