শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৪১ পিএম
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা রাজধানীর শাহবাগ মোড়ে
expand
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা রাজধানীর শাহবাগ মোড়ে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবে সরকারের আর্থিক সক্ষমতার আলোকে ৫ থেকে ২০ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে এই তথ্য।

এদিকে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভে নেমেছেন। ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে তারা শাহবাগ অবরোধ করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি চলাকালে শিক্ষকরা শাহবাগ অভিমুখে রওনা হন এবং দুপুর ২টার দিকে সেখানে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়, প্রস্তাবিত তিনটি দাবি পূরণ না হলে তারা শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না এবং কর্মবিরতি চলবে।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করে। তবে এটি ৫ অক্টোবর প্রকাশিত হলে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেন এবং আন্দোলনের ডাক দেন। পরবর্তীতে ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ বিভাগে একটি নতুন প্রস্তাব পাঠানো হয়, যেখানে বাড়িভাড়া ভাতা দুই থেকে তিন হাজার টাকা করার সুপারিশ করা হয়।

বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পান। তারা মাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ১ হাজার টাকা বাড়িভাড়া ভাতা পেতেন, যা সাম্প্রতিক সময় ৫০০ টাকা বাড়ানো হয়। আগে বছরে দুটি উৎসব ভাতা মূল বেতনের ২৫ শতাংশ হারে দেওয়া হতো; গত মে মাসে তা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন