বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জনগুরুত্বপূর্ণ ইস্যুতে নারী এমপিদের গঠনমূলক ভূমিকা রাখার নির্দেশ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৭:৩৩ পিএম
নারী এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী।
expand
নারী এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের (এমপি) জনগণের কল্যাণে নিবেদিত হয়ে এবং দলের ভাবমূর্তি বজায় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি জাতীয় সংসদে জনগুরুত্বপূর্ণ ইস্যু, বিশেষ করে নারী অধিকার, শিশু কল্যাণ এবং সামাজিক বৈষম্য দূরীকরণে জোরালো বক্তব্য ও গঠনমূলক ভূমিকা রাখার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি।

সোমবার (১৮ মে) বিকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জন প্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশনা দেন।

বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী জনগণের সাথে নিবিড় সংযোগ গড়ে তোলার নির্দেশ দিয়ে বলেছেন, কেবল সংসদে নয়, নিজ নিজ এলাকার জনগণের সুখ-দুঃখে পাশে থাকতে হবে। তৃণমূলের মানুষের মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে ভূমিকা রাখতে হবে। দলের নীতি, আদর্শ এবং শৃঙ্খলা বজায় রেখে সংসদ ও সংসদের বাইরে দায়িত্ব পালন করতে হবে। কোনো অবস্থাতেই এমন কোনো আচরণ করা যাবে না যা দল বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী বলেছেন, নারী ও শিশু উন্নয়নে বিশেষ নজর দিতে হবে। প্রতিটি নির্বাচনী এলাকায় নারী শিক্ষা, কর্মসংস্থান এবং সুরক্ষায় বিশেষ প্রকল্প ও সচেতনতামূলক কার্যক্রমে নেতৃত্ব দিতে হবে। রাষ্ট্রীয় সম্পদ ও বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করতে হবে। জনগণের আমানত রক্ষা এবং দেশের সার্বিক উন্নয়নে প্রতিটি সংসদ সদস্যকে সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শিরীন সুলতানা, বিলকিস ইসলাম, সুলতানা আহমেদ, শাম্মী আক্তার, আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, সানজিদা ইসলাম তুলি, সেলিনা সুলতানা নিশিতা, শওকত আরা আক্তার উর্মিসহ অন্যরা।

এর আগে গত ৩ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য শপথ নেন। সংসদ ভবনের শপথকক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথবাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্ণাঙ্গ রূপ পায়।

উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন