

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্থানীয় সরকার বিভাগে এক সভায় কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত হয়েছে। ঢাকা ওয়াসা থেকে একজন ইঞ্জিনিয়ারকে ডেপুটেশনে কুমিল্লা ওয়াসার এমডি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৩ মে) স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্থানীয় সরকার বিভাগের এ সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী, স্থানীয় সরকার সচিব শহিদুল হাসান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, পাবলিক হেলথ চিফ ইঞ্জিনিয়ার আব্দুল আউয়ালসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
কুমিল্লা ওয়াসা গঠনের বিষয়ে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা যায়।
‘কুমিল্লা বাঁচাও’ আন্দোলনের মাধ্যমে কুমিল্লা-৬ আসনের এমপি প্রবীণ রাজনীতিবিদ মনিরুল হক চৌধুরী কুমিল্লার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে—কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ—দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন। তার প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনাগুলোর মধ্যে কুমিল্লা ওয়াসা গঠন একটি।
এছাড়াও মনিরুল হক চৌধুরীর কুমিল্লার উন্নয়নে প্রস্তাবিত পরিকল্পনার মধ্যে রয়েছে—কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন, আধুনিক বাস টার্মিনাল নির্মাণ, কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু করা, ঢাকা থেকে কুমিল্লা সরাসরি ট্রেন লাইন স্থাপন, পদুয়ারবাজার এলাকায় নির্বিঘ্নে পথচারী পারাপারের ব্যবস্থা রেখে বিশ্বরোডে নিরাপদ সড়ক যোগাযোগে আধুনিক সংযোগ সড়ক নির্মাণসহ অসংখ্য মেগা উন্নয়ন পরিকল্পনা।
ইতোমধ্যে সরকার কুমিল্লার ব্যাপক উন্নয়ন সাধন এবং কুমিল্লাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছে।
গত ১২ মে কুমিল্লা-ঢাকা সরাসরি ট্রেন লাইন বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে যোগাযোগ ও রেলপথ মন্ত্রণালয়ে মনিরুল হক চৌধুরী এমপির উপস্থিতিতে একটি ফলপ্রসূ সভা অনুষ্ঠিত হয়।