বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৫:১১ পিএম
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
expand
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

দেশের জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, বিগত সরকারের আমলে শিক্ষা খাতে বিনিয়োগ কখনোই দেড় শতাংশের বেশি যায়নি। দক্ষ মানব পুঁজি তৈরি করতেই শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে সরকার।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত ‘বাংলাদেশের শ্রেণিকক্ষে শিক্ষা, অন্তর্ভুক্তি এবং উদ্ভাবন শক্তিশালীকরণ’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে জিডিপির পাঁচ শতাংশ বিনিয়োগ নিশ্চিত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার শিক্ষা খাতে দেড় শতাংশের বেশি বিনিয়োগ করেনি। শিক্ষার্থীদের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা কারিকুলামে প্রয়োজনীয় পরিবর্তন আনতে সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

এহছানুল হক মিলন বলেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষা নিশ্চিতের সঙ্গে সঙ্গেও দক্ষতাও বৃদ্ধি প্রয়োজন। ডিজিটাল ক্লাসরুমের ব্যাপারে বিগত সরকার ব্যর্থ ছিল, জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব ছিল। এ সরকার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ইন্টারেক্টিভ ডিজিটাল ক্লাসরুম করার দিকে এগোচ্ছে।

একই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মাহদী আমিন। তিনি তার বক্তব্যে শিক্ষার গুণগত মান ও কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

মাহদী আমিন বলেন, সমাজ ও রাষ্ট্রে শিক্ষকতা পেশার মর্যাদা ও সম্মান এমন পর্যায়ে নিয়ে যেতে হবে, যাতে দেশের মেধাবী তরুণরা এই পেশাকে তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, প্রাথমিক পর্যায়ে থেকেই শিক্ষা নিশ্চিতের পাশাপাশি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল ও ক্রিয়াশীল ক্লাসরুম গড়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। শহর ও গ্রামের শিক্ষা ব্যবস্থার মধ্যে বিদ্যমান দূরত্ব কমিয়ে আনতে হবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

এছাড়াও শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি আন্তর্জাতিক মান আছে এমন তৃতীয় ভাষা অন্তর্ভুক্তির কথাও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন