

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের পশ্চিমবঙ্গে দীর্ঘ সাড়ে চার দশকের বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের শাসনের পর এবার সরকার গঠনের পথে এগোচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
সোমবার (৪ মে) ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনের ফল প্রকাশ করে ভারতের নির্বাচন কমিশন। এতে দেখা যায়, বিজেপি ২০৭টি আসনে জয়লাভ করেছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির মঙ্গলবার (৫ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা শিগগিরই কলকাতায় পৌঁছে ফলাফলের আনুষ্ঠানিক গেজেট বিজ্ঞপ্তি রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তার কাছে হস্তান্তর করবেন। এরপর ৬ মে রাজ্যপালকে চূড়ান্ত ফলাফল সম্পর্কে জানানো হবে।
সংবিধান অনুযায়ী, এর পরবর্তী ধাপে রাজ্যপাল বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগের আহ্বান জানাবেন। একই সঙ্গে নতুন সরকার শপথ গ্রহণ না করা পর্যন্ত প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে তাকে অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকার অনুরোধ জানানো হতে পারে।
এদিকে, আগামী ৯ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শপথ নিতে যাচ্ছে পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার। দলীয় সূত্রে জানা গেছে, এই দিনটিকে রাজ্যে একটি ‘নতুন সূচনা’ হিসেবে চিহ্নিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
ফলে নির্বাচনে হারলেও মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে আগামী ৯ মে পর্যন্ত অন্তর্বর্তীকালীন মূখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। এরপর নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর, ১৫ দিন থেকে এক মাসের মধ্যে সরকারি বাসভবন খালি করে দিতে হবে তাকে।
