

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলমগীর হোসেন সরকারি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ঢাকা কারখানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।
বুধবার (৬ মে) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত কারখানাটি তিনি পরিদর্শন করেন। গত ২৮ এপ্রিল দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক পরিদর্শন।
কারখানা পরিদর্শনের সময় মহাপরিচালক উৎপাদন ইউনিট, মান নিয়ন্ত্রণ বিভাগ, গুদামজাতকরণ ব্যবস্থা এবং প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন। তিনি ঔষধ উৎপাদনের প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং গুণগত মান নিশ্চিতে কঠোর অবস্থান নেন।
বিশেষভাবে মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় উন্নত পরীক্ষার ক্ষেত্রে দক্ষ ও প্রশিক্ষিত জনবল নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শন শেষে মো. আলমগীর হোসেন আন্তর্জাতিক মান বজায় রেখে ঔষধ উৎপাদনের ওপর জোর দেন এবং সংশ্লিষ্টদের তিনটি নির্দেশনা প্রদান করেন। এর মধ্যে রয়েছে—উৎপাদন প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, জনবলের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং উৎপাদন সক্ষমতা বাড়িয়ে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া।
তিনি বলেন, “জনগণের জন্য নিরাপদ, কার্যকর ও মানসম্মত ঔষধ প্রস্তুতে কোনো আপস করা হবে না।”
পরিদর্শনকালে ব্যবস্থাপনা পরিচালক মো. আ. সামাদ মৃধা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, ঢাকা কারখানার নিকটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত জমিতে আন্তর্জাতিক মান অনুসরণ করে আধুনিক প্রযুক্তিনির্ভর বহুতল ঔষধ উৎপাদন কারখানা নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এছাড়া গোপালগঞ্জ কারখানায় সাপের বিষ প্রতিষেধকসহ বিভিন্ন টিকা উৎপাদনের জন্য পৃথক স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে হাম–রুবেলা, জলাতঙ্ক ও ডেঙ্গু প্রতিরোধী টিকার শেষ ধাপের উৎপাদন কার্যক্রম চালুর পরিকল্পনাও রয়েছে।
পরিদর্শনকালে মহাপরিচালকের সঙ্গে ছিলেন এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আ. সামাদ মৃধা। এছাড়া ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ড. মো. আকতার হোসেন এবং পরিচালক (চলতি দায়িত্ব) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত সচিব মো. আলমগীর হোসেনকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
