

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার সঙ্গে যুক্তরাজ্যের প্রশাসনের একটি লিগেসি আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিসহ বাংলাদেশের প্রশাসনিক উন্নয়নে দুই দেশ একত্রে কাজ করতে পারে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে উপদেষ্টার অফিসকক্ষে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে এসব কথা বলেন তিনি। মার্টিন ডওসনের নেতৃত্বে ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্য নেইল গান্ধী ও বিশ্বজিত দেব বৈঠকে উপস্থিত ছিলেন।
সাক্ষাতের শুরুতেই উপদেষ্টা বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ হিসেবে যুক্তরাজ্য সরকার ও জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বৈঠকে ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্য নেইল গান্ধী বর্তমান আমলাতন্ত্রের অবস্থা, কার্যক্ষমতা এবং পূর্ববর্তী সরকারের সময়ে নিয়োগে কোনো অনিয়ম হয়েছে কিনা—এ বিষয়ে জানতে চান। পাশাপাশি এ ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচিত সরকার কীভাবে কাজ করবে, সেটিও তিনি জানতে চান।
বর্তমান প্রশাসনের চ্যালেঞ্জসমূহ উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনে রাজনীতিকীকরণ ও দুর্নীতি ব্যাপক বিস্তার লাভ করে। ফলশ্রুতিতে প্রশাসন তার গৌরব ও জৌলুস অনেকাংশে হারিয়ে ফেলেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার মেরিটোক্রেসিভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রশাসনে যোগ্যতা ও সততার ভিত্তিতে নিয়োগ, পদায়ন ও পদোন্নতি প্রদান করছে এবং হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও পর্যবেক্ষণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করলে উপদেষ্টা বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে আলোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে।
মন্তব্য করুন