

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে চীন। বাংলাদেশ–চীন সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে পাঠানো শুভেচ্ছা বার্তায় এ কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
শনিবার (৪ অক্টোবর) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বার্তায় শি জিনপিং বলেন, “চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের ঐতিহ্যবাহী প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র। কূটনৈতিক সম্পর্কের সূচনার পর থেকে দুই দেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখেছে। আমরা শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিকে মেনে চলেছি এবং একে অপরের উন্নয়নে সহায়ক ভূমিকা রেখেছি।”
তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের পারস্পরিক আস্থা আরও দৃঢ় হয়েছে। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। “বাংলাদেশের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করতে আমি প্রস্তুত,”—বলেন শি জিনপিং।
তার মতে, এই সহযোগিতা শুধু দুই দেশের জনগণের কল্যাণেই নয়, বরং বৈশ্বিক শান্তি ও উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।
অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনও দুই দেশের গভীর সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, গত পাঁচ দশকে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ওপর ভিত্তি করে বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব আরও মজবুত হয়েছে।
রাষ্ট্রপতি আরও জানান, চীনের অব্যাহত সহযোগিতা বাংলাদেশের টেকসই উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং অভিন্ন সমৃদ্ধি অর্জনে চীনের ভূমিকার প্রশংসা করেন তিনি।
সাহাবুদ্দিন আশাবাদ ব্যক্ত করেন, দুই দেশের নেতৃত্ব ও জনগণের যৌথ প্রচেষ্টায় ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত ও ফলপ্রসূ হবে।
মন্তব্য করুন
