

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপি জোট পাচ্ছে ৩৬টি সংরক্ষিত নারী আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের জন্য বরাদ্দ হয়েছে ১৩টি আসন। পাশাপাশি স্বতন্ত্র সদস্যরা একত্র হয়ে একটি আসন পেয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) কমিশনের বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য সাংবাদিকদের জানান।
তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
ইসির সূত্র অনুযায়ী, আসন বণ্টনে জোটগত অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিএনপির সঙ্গে থাকা কয়েকটি রাজনৈতিক দল মিলেই বড় অংশ পেয়েছে। অপরদিকে জামায়াতের সঙ্গেও রয়েছে কয়েকটি সহযোগী দল, যাদের সমন্বয়েই তাদের প্রাপ্ত আসন নির্ধারিত হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরাও জোট গঠন করে একটি আসন নিশ্চিত করেছেন।
এদিকে, বিএনপির নেতা রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে ইসি জানিয়েছে।
বর্তমান আইনি কাঠামো অনুযায়ী, জাতীয় সংসদের আইন অনুযায়ী, কোনো দল সংসদে যতগুলো সাধারণ আসন পায়, সেই সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে ৩০০ দিয়ে ভাগ করলে সংরক্ষিত নারী আসনের সংখ্যা নির্ধারিত হয়।
এই সূত্র অনুযায়ী বিএনপি এককভাবে ৩৪ দশমিক ৬৬ বা প্রায় ৩৬টি নারী আসন পাচ্ছে। অন্যদিকে জামায়াত ৬৮টি সাধারণ আসনের বিপরীতে ১১ জন নারী প্রতিনিধি পাবে। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং স্বতন্ত্র প্রার্থীরা জোটগতভাবে একটি করে নারী আসন পেতে পারেন।
উল্লেখ্য, কয়েকটি আসনের নির্বাচনসংক্রান্ত বিষয় এখনো ঝুলে আছে। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত রয়েছে। এছাড়া বগুড়া-৬ আসনে উপনির্বাচন হবে। চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলও আইনি জটিলতার কারণে এখনো প্রকাশ করা হয়নি।
মন্তব্য করুন
