শনিবার
২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ছয় বছরের শিশুকে ধর্ষণ : প্রতিবেশী সুমন কারাগারে 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৭:০৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে শাহ আলী থানা এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী সুমন মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুক্রবার এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার এসআই ওসমান গণি, আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

প্রসিকিউশন পুলিশের এসআই ইলা মনি জানিয়েছেন, আসামির পক্ষ থেকে জামিনের আবেদন ছিল না। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।

শাহ আলী রয়েল সিটি পকেট গেইট সংলগ্ন একটি বাসা থেকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ৩২ বছর বয়সি সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

থানা-পুলিশের বরাতে ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বলেন, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই এলাকায় শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ আসে।

পরে শিশুটির প্রস্রাবের সময় জ্বালাপোড়া হলে তার মা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটি ধর্ষণের শিকার হয়ে থাকতে পারে বলে ধারণা করেন।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপকমিশনার নিয়াজ মেহেদী আরও বলেন, শিশুটির মা তাকে ঘটনা নিয়ে জিজ্ঞাসা করলে সে পাশের বাসার ভাড়াটিয়া সুমনের কথা বলে।

শিশুটির অভিযোগ, সুমন তাকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেছে।

এ ঘটনায় শিশুটির মা বৃহস্পতিবার শাহ আলী থানায় মামলা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন