রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় টিকাদান কর্মসূচি এগিয়ে আনা সম্ভব হয়েছে

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৫:২২ পিএম
বক্তব্য রাখছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
expand
বক্তব্য রাখছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি টিকাদান কর্মসূচি নির্ধারিত সময়ের আগেই শুরু করা সম্ভব হয়েছে।

তিনি জানান, আজ থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে হামের টিকা কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্ব ও বিচক্ষণতার ফলে আমরা এই টিকাদান কর্মসূচি এগিয়ে আনতে সক্ষম হয়েছি।”

রোববার (৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি” উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামীণ পর্যায়ে সচেতনতা বাড়াতে দলীয় নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে। কোনো শিশু হাম আক্রান্ত হলে দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার আহ্বান জানান তিনি। “আমাদের লক্ষ্য—একটি শিশুও যেন চিকিৎসার অভাবে মৃত্যুবরণ না করে,” যোগ করেন তিনি।

তিনি আরও জানান, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ ময়মনসিংহ ও বরিশালে টিকাদান কার্যক্রম শুরু হবে। আর ৩ মে থেকে দেশের বাকি সব জেলা ও উপজেলায় একযোগে এই কর্মসূচি পরিচালিত হবে।

৫ বছরের কম বয়সী শিশুদের টিকাদানের বিষয়ে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর তথ্য অনুযায়ী বর্তমানে আক্রান্তদের মধ্যে ৮২ শতাংশই এই বয়সসীমার মধ্যে। তাই ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অগ্রাধিকার দিয়ে টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে। পর্যায়ক্রমে অন্যদেরও টিকার আওতায় আনা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আহমেদ জামশিদ মোহামেদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ এই টিকাদান কর্মসূচি প্রথম পর্যায়ে ১৮টি জেলার ৩০টি উপজেলায় শুরু হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন