

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সাথে বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি মি. জিয়াওকুন শি সাক্ষাৎ করেছেন।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. রায়হান কাওছার উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (৩১ মার্চ) সাক্ষাৎকালে পরিবেশ, বন ও জলবায়ু খাতের বিভিন্ন ইস্যুতে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় হয়। মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু পরিবেশ সুরক্ষায় বায়ু, পানি ও শব্দ দূষণ রোধ এবং পরিবেশ ও জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করতে মন্ত্রণালয়ের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
বৈঠকে উভয় পক্ষ টেকসই কৃষি, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। মন্ত্রী বলেন, “খাদ্য ও কৃষি সংস্থা বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশনের আলোকে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ)-এর অর্থায়নে পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তরের সাথে সহযোগী পার্টনার হিসেবে প্রকল্প বাস্তবায়নে যে কাজ করছে তা প্রশংসনীয়। তাঁর মন্ত্রণালয় এ আন্তর্জাতিক সংস্থার সাথে নিবিড়ভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।”
এফএও-এর বাংলাদেশ প্রতিনিধি মি. জিয়াওকুন শি বলেন, “খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশে ঝুঁকিপূর্ণ বর্জ্য অপসারণ ও দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ ও প্যারিস চুক্তি বাস্তবায়নে সহায়তা, কীটনাশক ব্যবস্থাপনা ও রাসায়নিক নিরাপত্তা জোরদারকরণ, জলবায়ু সহনশীল জীবিকা ও অভিযোজনমূলক প্রকল্প, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ পুনরুদ্ধার বিষয়ক নীতি পরিকল্পনা ও বিনিয়োগ কাঠামো প্রভৃতি ক্ষেত্রে সহায়তা প্রদান করে থাকে।” তিনি পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তরের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয়ের সাথে সহযোগিতা অব্যাহত রাখার অভিপ্রায় ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও বিস্তারিত আলোচনা করেন।
মন্তব্য করুন
