মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতির বিষয়ে বর্তমান সরকার জিরো টলারেন্স: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১০:১৮ পিএম
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
expand
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বিগত সরকার ব্যাপক দুর্নীতি করায় দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দুর্নীতির বিষয়ে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কোনো দুর্নীতির তথ্য সামনে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

সোমবার (৯ মার্চ) বিকেলে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর প্রধান কার্যালয়ে বাণিজ্যিকভাবে মহিষ পালনে উদ্যোক্তা উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী নিরাপদ ও মানসম্মত পশুখাদ্য উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, প্রাণীর চিকিৎসা ও ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করা এবং প্রাণিজ প্রোটিনের ঘাটতি পূরণে সরকার কাজ করছে। কৃষিভিত্তিক শিল্পব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে পরিবেশবান্ধব শিল্প প্রতিষ্ঠাও সম্ভব হবে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশে দুধ উৎপাদন বাড়াতে ভারত থেকে মুররা জাতের মহিষ আনা হয়েছে। এসব মহিষের বাছুর সারা দেশে ছড়িয়ে দিয়ে দুধ উৎপাদন বৃদ্ধি করা হবে।

তিনি আরও বলেন, প্রান্তিক পর্যায়ের খামারিদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হচ্ছে, যাতে তারা উৎপাদন বাড়িয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, আগে অনেকেই মহিষের মাংস খেতেন না, তবে বর্তমানে মানুষের আগ্রহ বাড়ছে। গরুর মাংসের তুলনায় মহিষের মাংসে ক্ষতির পরিমাণও কম। মহিষ গরুর তুলনায় বেশি দুধ দিতে সক্ষম হওয়ায় দেশের মহিষের সংখ্যা বাড়াতে হবে। এর মাধ্যমে প্রাণিজ আমিষের ঘাটতি দূর করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএলআরআই এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন