

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে উত্তেজনা তৈরি হয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, যার প্রভাব পড়েছে আকাশপথে। উদ্ভূত পরিস্থিতিতে কাতার-দুবাইসহ মধ্যপ্রাচ্যের ৬টি গুরুত্বপূর্ণ রুটে আগামী বৃহস্পতিবার (৫ মার্চ) পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে এই সিদ্ধান্তের কথা জানায় রাষ্ট্রীয় এই সংস্থা।
বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল বা সময়সূচি জানিয়ে দেওয়া হবে।
যুদ্ধ পরিস্থিতির কারণে শাহজালাল বিমানবন্দর থেকে ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ১৪৭টি ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। এ কারণে বিমানবন্দরে বাড়ছে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভিড় আর ভোগান্তি।
যাত্রী সাধারণকে নির্ধারিত সময়ের ৪ ঘন্টা পূর্বে এয়ারপোর্টে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
অন্যদিকে, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মঙ্গলবার সকালে ৭টিসহ এখন পর্যন্ত বিমানবন্দরের সর্বমোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
মন্তব্য করুন