মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৮:৪৪ এএম
বামে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা
expand
বামে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা।

সোমবার (২ মার্চ) রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুললতিফ বিন রশিদ আল জায়ানি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করে রাজার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই শোকবার্তা পৌঁছে দেন।

টেলিফোনে আলাপকালে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন যে, ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতেই ওই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাজার গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পাশাপাশি তিনি আশ্বাস প্রদান করেন যে, বাহরাইনে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে বাহরাইন সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এই মর্মান্তিক ঘটনায় বাহরাইন সরকারের তাৎক্ষণিক ও সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, সোমবার রাতে শোকবার্তা জানানোর আগে ওইদিন বিকালেও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন