সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন ড. মোশাররফ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৭:৫৩ পিএম
খন্দকার মোশাররফ হোসেন
expand
খন্দকার মোশাররফ হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান পার্লামেন্টারিয়ান খন্দকার মোশাররফ হোসেন। আগামী ১২ মার্চ বেলা ১১টায় এ অধিবেশন বসবে। পাঁচবারের সংসদ সদস্য ড. মোশাররফ হোসেনের সভাপতিত্বে নির্বাচিত হবে সংসদের নতুন স্পিকার।

এছাড়াও উত্থাপন করা হবে বিদায়ী অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো। এর আগে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন এবং শোক প্রস্তাব উত্থাপন করা হবে।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের জ্যেষ্ঠতার ভিত্তিতে অধিবেশনে সভাপতিত্ব করবেন সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, এমপি। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার নির্দেশনাও রয়েছে সংবিধানে।

বিদায়ী সংসদের স্পিকার পদত্যাগ করায় এবং ওই সংসদের ডেপুটি স্পিকার একাধিক মামলায় কারাগারে থাকায় এবারের অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন এবং কার সভাপতিত্বে নতুন স্পিকার নির্বাচিত হবেন—তা নিয়ে আলোচনা চলছে। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি অধিবেশনে সভাপতিত্ব করতে পারেন। ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনের পর সরকারি দল ও বিরোধী দলের আলোচনার ভিত্তিতে একজন জ্যেষ্ঠ সদস্যকে সভাপতির দায়িত্ব দেওয়ার নজির রয়েছে। এবারও সেই রীতি অনুসরণ করে ড. খন্দকার মোশাররফ হোসেনকে এ দায়িত্ব দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।

বর্ষীয়ান রাজনীতিক, বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন ১৯৪৬ সালের ১ অক্টোবর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান, গবেষক, ভূবিজ্ঞানী, লেখক ও কলামিস্ট।

বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনে তার অর্জনের ভাণ্ডার সমৃদ্ধ। তিন মেয়াদে মন্ত্রী এবং পাঁচবারের সংসদ সদস্য থাকাকালে নির্বাচনী এলাকায় দাউদকান্দি পৌরসভা ও নতুন উপজেলা তিতাস প্রতিষ্ঠা, মেঘনা উপজেলা বাস্তবায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন তিনি। এছাড়া তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন এবং মৎস্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেশ-বিদেশে স্বর্ণপদকসহ বহু সম্মাননায় ভূষিত হন।

ড. মোশাররফ ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ রাজনৈতিক মামলায় ১৯৮৬, ১৯৯৬, ২০০৭, ২০১২ ও ২০১৪ সালে গ্রেপ্তার হয়ে প্রায় পাঁচ বছর কারাভোগ করেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর আহ্বানে সাড়া দিয়ে ১৯৭৯ সালে তিনি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন এবং দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সাল থেকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

ড. মোশাররফ বিএনপি সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তার প্রকাশিত ১৩টি গ্রন্থের মধ্যে রয়েছে— মুক্তিযুদ্ধে বিলাত প্রবাসীদের অবদান, প্লাবন ভূমিতে মৎস্যচাষ : দাউদকান্দি মডেল, সংসদে কথা বলা যায়, এই সময়ের কিছু কথা, ফখরুদ্দীন-মইনউদ্দিনের কারাগারে ৬১৬ দিন, রাজনীতির হালচাল, সময়ের ভাবনা, জরুরি আইনের সরকারের দুই বছর (২০০৭ ও ২০০৮), মূল্যবোধ অবক্ষয়ের খণ্ডচিত্র, প্রগতি ও সত্যের সন্ধানে, করোনাকালে বাংলাদেশ : সংক্রমণের দশ মাস, স্মৃতির অ্যালবাম এবং আমার রাজনীতির রোজনামচা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আদালতের নির্দেশে চট্টগ্রামের দুটি আসনের ফল এখনো ঘোষণা হয়নি। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। বাকি ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টি এবং তাদের মিত্ররা তিনটি আসনে জয়ী হয়েছে। জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে। তাদের জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়লাভ করেছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয় পেয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন