সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙারি দোকানে মিললো ৮ হাজার সরকারি বই

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৩:৫৯ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

শেরপুরে একটি ভাঙারি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৮ হাজার সরকারি মাদ্রাসার পাঠ্যবই জব্দ করেছে প্রশাসন। রবিবার (১ মার্চ) সন্ধ্যায় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে শহরের নওহাটা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে শহরের নওহাটা এলাকার মেসার্স রোকেয়া আয়রন স্টোর থেকে বিভিন্ন শ্রেণির ২০২৫ শিক্ষাবর্ষের প্রায় ৮ হাজার সরকারি বই জব্দ করা হয়। খবর পেয়ে শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে দোকানটির গুদাম সিলগালা করা হয়।

দোকানটির মালিক শহরের বাগরাকসা এলাকার বাসিন্দা আব্দুর রহিম অপু বলে জানা গেছে। অভিযানের সময় পরিস্থিতি টের পেয়ে মালিক ও কর্মচারীরা সরে যান বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এ বিষয়ে শেরপুর সদর থানার এসআই সুশান্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্যানগাড়িসহ জব্দ করা বইগুলো থানায় নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গুদামটি সিলগালা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক বলেন, জব্দ করা বইগুলো সদর উপজেলার কোনো মাদ্রাসার হতে পারে। বিষয়টি তদন্তের জন্য জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন