সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশের আর্থিক খাতে পদত্যাগের হিড়িক

সাইফুল্লাহ আমান
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৪:৩১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আর্থিক খাতে শুরু হয়েছে পদত্যাগের হিড়িক। এক দিনেই দেশের আর্থিক খাতের গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্থা ও ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তন হয়েছে। এরমধ্যে রয়েছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান, জীবন বিমা কর্পোরেশনের চেয়ারম্যান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) চেয়ারম্যান এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএইসইসি) চেয়ারম্যান।

সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী আজ সোমবার সকালে পদত্যাগ করেছেন। সোনালী ব্যাংকের চেয়ারম্যান হওয়ার আগে তিনি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) ছিলেন। তিনি সাবেক অর্থসচিবও ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

এ বিষয়ে এনপিবি নিউজকে মুসলিম চৌধুরী জানান, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন।

জানা যায়, গত মাসে জাতীয় নির্বাচনের পর জিয়া পরিষদের ব্যানারে ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে বিভিন্ন চাপ দেওয়া হয়। এর মধ্যে অন্যতম হলো তাদের সমর্থিতদের প্রধান কার্যালয়সহ ঢাকার বিভিন্ন শাখায় বদলি করা। দিন দিন তাদের চাপ বাড়ছিল। এই কারণে চেয়ারম্যান পদত্যাগ করতে পারেন বলে মনে করছেন ব্যাংকের কর্মকর্তারা।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর ২৮ আগস্ট মুসলিম চৌধুরীকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মুসলিম চৌধুরী ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে যোগদান করে কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স ও অর্থ বিভাগের উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে আইডিআরএ চেয়ারম্যান এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণে প্রায় দুই সপ্তাহ আগে এক সভায় পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। আজ সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আইডিআরএ মুখপাত্র সাইফুন্নাহার এই তথ্য জানান।

এর আগে অন্তর্বতী সরকারের আমলে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তিন বছরের জন্য আইডিআরএ চেয়ারম্যান পদে নিয়োগ পান এম আসলাম আলম। ওই সময়ে প্রজ্ঞাপনে বলা হয়েছিল, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ৩ বছর বা তার বয়স ৬৭ বছর পূর্তির মধ্যে যেটি আগে, সেই সময় পর্যন্ত তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এম আসলাম আলম ২০১২ সালের নভেম্বরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে যোগ দেন। তিন বছরের বেশি সময় বিভাগটির সচিব ছিলেন তিনি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার পর ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আতিউর রহমান পদত্যাগ করতে বাধ্য হন। সরকার তখন আসলাম আলমকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে। পরে অবশ্য তাকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের (পিএটিসি) রেক্টর পদে নিয়োগ দেওয়া হয়।

এছাড়া সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী পদত্যাগ করেছেন।

সোমবার (২ মার্চ) তারা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান রাশেদ মাকছুদের পরিবর্তে সাবেক সিনিয়র সচিব ফরিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন