শনিবার
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৭ দিনে যৌথ বাহিনীর অভিযানে আটক ৩৬৮ জন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫ এএম
সেনাবাহিনীর টহল
expand
সেনাবাহিনীর টহল

সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে ৩৬৮ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় আটক ব্যক্তিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেল বোমা, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে গত ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এসব যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং ও চোরাকারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজনদের আটক করা হয়।

সেনাবাহিনী জানায়, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৫১টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ১৩১ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ। এ ছাড়া ককটেল বোমা, দেশীয় ধারালো অস্ত্র এবং উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

চলমান পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত টহল ও নিরাপত্তা অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী। পাশাপাশি শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী দায়িত্ব পালন করছে বলে জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X