

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল বলেছেন, নিউইয়র্ক বিমানবন্দরে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাটি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং বাংলাদেশের জাতীয় রাজনীতির গভীর অবক্ষয়ের নগ্ন বহিঃপ্রকাশ। মঙ্গলবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, ‘আমেরিকার এয়ারপোর্টে যা ঘটেছে, তা কেবলমাত্র একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের জাতীয় রাজনীতির অবক্ষয়ের নগ্ন বহিঃপ্রকাশ। বিদেশের মাটিতে, আন্তর্জাতিক দৃষ্টির সামনে, আমরা যে নোংরা রাজনীতির চর্চা করে এসেছি, সেটিই আবার প্রকাশ পেল, অসহিষ্ণুতা, হিংসা, আর প্রতিহিংসার নগ্ন প্রদর্শনী। সবচেয়ে মর্মান্তিক ছিল নারীকে লক্ষ্য করে আক্রমণের চেষ্টা।’
পোস্টে নীলা ইসরাফিল লেখেন, ‘একজন নারী সহযাত্রীকে যেন অসম্মান করা না হয়, সেই কথা কয়েকজন সৎমানুষ উচ্চস্বরে চিৎকার করে বলছিলেন। (আপারে দিওনা, আক্তাররে দে) কিন্তু তবুও নারীকে ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হলো, তা আমাদের সমাজ ও রাজনীতির নৈতিক দেউলিয়াত্বকেই প্রমাণ করে। নারীকে সম্মান দেওয়ার পরিবর্তে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার বানানো হলো, যা ভীষণ লজ্জাজনক ও নিন্দনীয়।’
‘এখানে আরও কষ্টের বিষয় হলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ভদ্র, শান্ত স্বভাবের, সম্মানিত নেতা, যাকে আমি ব্যক্তিগতভাবে কখনো উত্তেজিত হতে বা রাগতে দেখিনি তাকেও এই নোংরা আক্রমণের শিকার হতে হলো। একজন ভদ্র মানুষ, যিনি সবসময় ধৈর্যের প্রতীক ছিলেন, তাকেও অপমানিত করা হলো। এটি শুধু একজন নেতাকে নয়, বরং পুরো জাতির রাজনৈতিক চেতনার ওপর আঘাত।’
তিনি আরও লিখেন, ‘ড. ইউনূস যিনি নোবেলজয়ী হয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিলেন, তিনি নিজের নিরাপত্তার জন্য পালিয়ে গেলেন। অথচ তার সহযাত্রী নারী ড. জারাকে রাস্তায়, বিশৃঙ্খলার মাঝখানে অরক্ষিত অবস্থায় রেখে গেলেন। একজন সহযাত্রী নারীকে অরক্ষিত ফেলে চলে যাওয়া শুধু দায়িত্বজ্ঞানহীনতাই নয়, এটি নেতৃত্বের সবচেয়ে জঘন্যতম ব্যর্থতা।’
‘বিস্ময়কর হলো, বাংলাদেশ থেকে বিমানে ওঠার সময় যত জাঁকজমকপূর্ণ ফটোসেশন হলো, সোশ্যাল মিডিয়ায় যত প্রচারণা চালানো হলো, সবই ছিল নিছক প্রদর্শনী। কিন্তু নামার সময় বাস্তব বিপদের মুখোমুখি হলে সেই নেতারাই সরে গেলেন নিরাপদ পথে। কর্মী আর সহযাত্রী রয়ে গেলেন বিশৃঙ্খলার কেন্দ্রে, আর নেতৃত্ব পালিয়ে গেল নিরাপত্তার আড়ালে। এটাই বাংলাদেশের তথাকথিত নেতৃত্বের প্রকৃত চরিত্র।’
সবশেষে নীলা ইসরাফিল তার পোস্টে উল্লেখ করেছেন, ‘আজকের এ ঘটনায় জাতির সামনে স্পষ্ট হয়েছে আমাদের রাজনৈতিক নেতৃত্বের বড় অংশ সুবিধাবাদী, দায়িত্বজ্ঞানহীন ও ভণ্ড। যারা দুঃসময়ে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, যারা সহযাত্রীকে রাস্তায় ফেলে চলে যেতে পারেন, তারা নেতৃত্ব দেওয়ার নৈতিক অধিকার হারিয়েছেন।’
‘এখন সময় এসেছে জাতিকে প্রশ্ন করার, আমরা কি এই ভণ্ড, দায়িত্বজ্ঞানহীন, নারীবিরোধী রাজনৈতিক সংস্কৃতিকে চিরতরে প্রত্যাখ্যান করব, নাকি নীরব থেকে আগামী প্রজন্মকে আরও বড় অপমানের দিকে ঠেলে দেব?’
নিউইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।
মন্তব্য করুন

