শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিওয়াইডি অ্যাটো ৩-এর আপগ্রেড সংস্করণ উন্মোচিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ এএম আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ এএম
বিওয়াইডি অ্যাটো
expand
বিওয়াইডি অ্যাটো

বাংলাদেশের বাজারে এসেছে বিওয়াইডি অ্যাটো ৩-এর নতুন সংস্করণ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে কোম্পানির ফ্ল্যাগশিপ শোরুমে গাড়িটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, বিওয়াইডি বাংলাদেশের বিপণন কর্মকর্তা ইমতিয়াজ নওশের, বিক্রয় বিভাগের প্রধান ফাহমিদ ফেরদৌসসহ সংশ্লিষ্ট খাতের অন্যান্য প্রতিনিধিরা। উদ্বোধনী বক্তব্য রাখেন কৌশল ও ডিজিটাল ব্যবস্থাপক শাহনুমা শারমিন।

নতুন সংস্করণে যুক্ত হয়েছে লিথিয়াম আয়রন ফসফেট ব্লেড ব্যাটারি, যা দ্রুত চার্জ সুবিধা দেয়। ডিসি ফাস্ট চার্জারে মাত্র ৩০ মিনিটে ৩০ থেকে ৮০ শতাংশ চার্জ নেওয়া সম্ভব। ই-প্ল্যাটফর্ম ৩.০ ভিত্তিক এই গাড়িটি নিরাপত্তা ও পারফরম্যান্সে উন্নত, এবং ইউরোপীয় সংস্থা এনসিএপি থেকে পাঁচ তারকা রেটিং পেয়েছে। এতে রয়েছে ৭টি এয়ারব্যাগ, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট এবং আধুনিক ড্রাইভার সহায়ক ব্যবস্থা।

ডিজাইনে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন—নতুন থমাস ব্ল্যাক ইন্টেরিয়র, কালো হেডলাইট, ১৮ ইঞ্চি টায়ার ও সাহসী রিম ডিজাইন। পাশাপাশি সংযোজিত হয়েছে উন্নত ১২ ভোল্ট লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি।

গাড়িটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড রেঞ্জ মডেল একবার চার্জে ৩৪৫ কিলোমিটার চলবে, দাম রাখা হয়েছে ৪৯ লাখ ৯০ হাজার টাকা। আর এক্সটেন্ডেড রেঞ্জ সংস্করণ এক চার্জে ৪২০ কিলোমিটার চলতে সক্ষম, এর দাম ৫৫ লাখ ৯০ হাজার টাকা। ক্রেতারা ব্যাটারির জন্য ৮ বছর বা ১ লাখ ৬০ হাজার কিলোমিটার, মোটর ও কন্ট্রোলারের জন্য ৮ বছর বা ১ লাখ ৫০ হাজার কিলোমিটার এবং পুরো গাড়ির জন্য ৬ বছর বা ১ লাখ ৫০ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি পাবেন।

বিওয়াইডি বাংলাদেশের বিপণন কর্মকর্তা ইমতিয়াজ নওশের জানান, দেশ এখন ইলেকট্রিক গাড়ি ব্যবহারের জন্য প্রস্তুত হলেও চার্জিং নেটওয়ার্ক সহজলভ্য করতে হবে। এজন্য তারা অংশীদার ও নীতিনির্ধারকদের সঙ্গে কাজ করছে।

সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলা জরুরি। পরিবেশবান্ধব উদ্যোগে প্রতিষ্ঠান ইতোমধ্যেই গুরুত্ব দিচ্ছে এবং সাশ্রয়ী মূল্যে গাড়ি আনার উদ্যোগও নেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন