শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুম থেকে উঠে মুখ শুকিয়ে যায়, এড়াতে যা করবেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৯:৩২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সকালে ঘুম ভাঙার পর অনেকেই মুখ শুকিয়ে থাকা, জিভ আঠালো লাগা বা গলা শুকিয়ে যাওয়ার মতো সমস্যায় ভোগেন। অনেক সময় এটি সাধারণ বিষয় মনে হলেও, নিয়মিত এমন হলে তা শরীরের ভেতরের কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে। চিকিৎসকদের মতে, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে শুরু করে কিছু রোগ কিংবা দৈনন্দিন অভ্যাসও এর জন্য দায়ী হতে পারে।

কিছু ওষুধের কারণেও মুখ শুকিয়ে যেতে পারে অনেক ধরনের ওষুধ শরীরে লালা তৈরির স্বাভাবিক প্রক্রিয়াকে প্রভাবিত করে। ফলে সকালে ঘুম থেকে উঠে মুখ শুকিয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়।

যেসব ওষুধে এই সমস্যা বেশি দেখা যায়, সেগুলোর মধ্যে রয়েছে বিষণ্নতার ওষুধ, অ্যালার্জির ওষুধ, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের কিছু ওষুধ, পারকিনসন রোগের ওষুধ এবং কিছু শক্তিশালী ব্যথানাশক।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে প্রচলিত অনেক ওষুধের সঙ্গেই ড্রাই মাউথের সম্পর্ক পাওয়া গেছে।

বয়স বাড়ার সঙ্গে বাড়তে পারে ঝুঁকি বয়স বাড়ার সঙ্গে শরীরে নানা পরিবর্তন আসে। যদিও বয়স নিজে সরাসরি মুখ শুকিয়ে যাওয়ার কারণ নয়, তবে বয়স্কদের মধ্যে ডায়াবেটিস, পানিশূন্যতা বা দীর্ঘমেয়াদি রোগ বেশি দেখা যায়। পাশাপাশি অনেকেই একসঙ্গে একাধিক ওষুধ সেবন করেন।

এসব কারণে বয়স বাড়ার সঙ্গে মুখ শুকিয়ে যাওয়ার ঝুঁকিও বাড়তে পারে। বিশেষ করে যারা নিয়মিত অনেক ধরনের ওষুধ খান, তাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়।

কিছু রোগও হতে পারে কারণ কিছু শারীরিক সমস্যা সরাসরি লালাগ্রন্থির কার্যক্রমে প্রভাব ফেলে। ফলে মুখে লালা কম তৈরি হয়।

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এই সমস্যা বেশ সাধারণ। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে লালাগ্রন্থির কাজ ব্যাহত হতে পারে।

পারকিনসন রোগেও স্নায়ুতন্ত্রের সমস্যার কারণে লালা কম তৈরি হতে পারে। এছাড়া সজোগ্রেনস সিনড্রোম নামে একটি অটোইমিউন রোগে শরীর ভুল করে লালাগ্রন্থিকে আক্রমণ করে। এতে মুখ ও চোখ শুকিয়ে যায়।

এইচআইভি সংক্রমণ, মাথা বা ঘাড়ে আঘাত, অস্ত্রোপচার কিংবা ক্যানসারের রেডিয়েশন থেরাপির কারণেও অনেক সময় এই সমস্যা দেখা দেয়।

কিছু দৈনন্দিন অভ্যাসও দায়ী

অনেক সময় সাধারণ কিছু অভ্যাস থেকেই মুখ শুকিয়ে যাওয়ার সমস্যা তৈরি হয়। পর্যাপ্ত পানি না খেলে শরীরে পানিশূন্যতা তৈরি হয়, যা এই সমস্যার অন্যতম বড় কারণ।

এ ছাড়া ঘুমের সময় মুখ দিয়ে শ্বাস নেওয়া, অতিরিক্ত চা বা কফি পান, ধূমপান, অ্যালকোহল গ্রহণ কিংবা খুব শুষ্ক পরিবেশে ঘুমানোর কারণেও মুখ শুকিয়ে যেতে পারে।

বিশেষ করে যাদের স্লিপ অ্যাপনিয়ার সমস্যা রয়েছে, তাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন

যদি নিয়মিত সকালে মুখ শুকিয়ে যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। চিকিৎসক সাধারণত রোগীর ব্যবহৃত ওষুধ, শারীরিক অবস্থা এবং অন্যান্য উপসর্গ সম্পর্কে জানতে চান।

প্রয়োজনে রক্ত পরীক্ষা, লালা উৎপাদন পরীক্ষা বা লালাগ্রন্থির স্ক্যানও করা হতে পারে।

সমস্যা কমাতে যা করতে পারে কিছু সহজ অভ্যাস মেনে চললে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব।

  • পর্যাপ্ত পানি পান করুন
  • নাক দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস করুন
  • চিনি ছাড়া চুইংগাম চিবাতে পারেন
  • ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন
  • রাতে অতিরিক্ত চা বা কফি পান কমান
  • প্রয়োজন হলে ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করুন

সকালে ঘুম থেকে উঠে মুখ শুকিয়ে যাওয়া সব সময় সাধারণ বিষয় নয়। অনেক ক্ষেত্রে এটি শরীরের অন্য কোনো সমস্যার লক্ষণ হতে পারে। তাই সমস্যা নিয়মিত হলে অবহেলা না করে কারণ খুঁজে বের করা এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র: ভেরি ওয়েল হেল্থ

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন