

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এবার এই আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিলেন লাদাখের জনপ্রিয় সমাজকর্মী সোনম ওয়াংচুক।
আগামী ৫ জুনের মধ্যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে ৬ জুন দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে সোনাম ওয়াংচুকর এমন ঘোষণার পরপরই আবার নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এলো ভারতের ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন ও প্ল্যাটফর্ম তেলাপোকা জনতা পার্টি। ৬ জুন দিল্লির জন্তর মন্তরে এই বিক্ষোভের ডাক দিয়েছে তারা।
তার এমন সমর্থনকে স্বাগত জানিয়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘সোনাম ওয়াংচুক ককরোচ আন্দোলনে যোগ দিয়েছেন। আমাদের সবার জন্য এটি বড় সম্মানের বিষয়। ৬ জুন তার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি।’
সোনাম শুধু একজন পরিবেশকর্মী নন, তাকে বলিউডের বহুল আলোচিত চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর বাস্তব অনুপ্রেরণা হিসেবেও দেখা হয়। শিক্ষা, পরিবেশ এবং হিমালয় অঞ্চলের মানুষের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে সরব এই সমাজকর্মীর আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় ওয়াংচুক জানান, তিনি অভিজিৎ দিপকের সঙ্গে কথা বলেছেন এবং নিশ্চিত হওয়ার চেষ্টা করেছেন যে এই আন্দোলনটি ভারতীয় তরুণদের কণ্ঠস্বর বহন করছে, কোনো বিদেশি শক্তির প্রভাবে পরিচালিত হচ্ছে না।
তিনি বলেন, তার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে তাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই। তারা অত্যন্ত দেশপ্রেমিক এবং দেশের উন্নয়নের জন্য ত্যাগ স্বীকার করছে।
যদিও আন্দোলনের অনেক সমর্থক কথিত নিট প্রশ্নফাঁস, সিইউইটি ও সিবিএসই পরীক্ষার নানা অনিয়মের প্রতিবাদে একত্রিত হচ্ছেন, ওয়াংচুক বলেন তার উদ্বেগ আরও বিস্তৃত।
ককরোচ জনতা পার্টি আগামী ৬ জুন দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। সাম্প্রতিক শিক্ষা ব্যবস্থার নানা বিতর্ক, পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং প্রশাসনিক ব্যর্থতার প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে দলটি। ওয়াংচুক ঘোষণা করেছেন, ৫ জুনের মধ্যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে তিনি নিজে দিল্লির বিক্ষোভে অংশ নেবেন। তার মতে, দেশের শিক্ষা ব্যবস্থাকে ঘিরে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা আর উপেক্ষা করার সুযোগ নেই।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, সোনম ওয়াংচুকের অংশগ্রহণ আন্দোলনটিকে নতুন মাত্রা দিতে পারে। কারণ সাম্প্রতিক বছরগুলোতে লাদাখের অধিকার, পরিবেশ রক্ষা এবং শিক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে তার অবস্থান দেশের তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
