

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রযুক্তির উৎকর্ষ আর সহজলভ্যতায় মানুষের জীবনেরই যেন এক অপরিহার্য অংশে পরিণত হয়েছে স্মার্টফোন। ঘর থেকে বাইরে, ট্রেন থেক বাস, বাথরুম, এমনকি খাবারের টেবিলে বসেও স্মার্টফোনের একটানা ব্যবহারে ব্যস্ত থাকতে দেখা যায় অনেককেই।
তবে বিভিন্ন সমীক্ষা ও গবেষণায় উঠে এসেছে শিউরে ওঠার মতো তথ্য। পর্যবেক্ষণ বলছে, বাস্তবে টয়লেট সিট বা দরজার হাতলের থেকেও বেশি নোংরা থাকে স্মার্টফোনের স্ক্রিন।
আর এই ফোনই দিন-রাতের বেশিরভাগ সময় আমাদের সবচেয়ে কাছে থাকছে। বিশেষ করে খাবার খাওয়ার সময় ফোনে সোশ্যাল মিডিয়া স্ক্রলের অভ্যাসে তীব্র আসক্ত হয়ে পড়ছেন অসংখ্য তরুণ-তরুণী থেকে শুরু করে নানান বয়সের মানুষ।
তবুও আধুনিকতার অনন্য বিষ্ময় এই যন্ত্রটিকে পরিষ্কার করার কথা মাথাতেই আসে না কারো। গবেষণাতে দেখা গেছে, স্মার্টফোনের স্ক্রিনে বিপুল পরিমাণ ব্যাকটেরিয়া, তেল, ধুলো এবং ময়লা জমে থাকতে পারে। এমনকি এ-ও দেখা গিয়েছে যে, বহু ফোনের স্ক্রিন বাস্তবে টয়লেট সিট বা দরজার হাতলের থেকেও বেশি নোংরা হয়।
স্মার্টফোন নোংরা হয় কেন: মানুষের হাতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ঘাম, তেল এবং মৃত কোষ থাকে। ফোন ব্যবহার করার সময় এসব সূক্ষ উপাদানগুলো ধীরে ধীরে স্ক্রিনে জমতে শুরু করে। এছাড়াও বাইরের পরিবেশের বিভিন্ন জায়গার ধুলো ও জীবাণু ফোনে লেগে যায়। অনেকেই আবার খাবার টেবিল বা বাথরুমের কাউন্টারেও ফোন রেখে দেন, যা সংক্রমণের ঝুঁকি আরও বাড়ায়।
সংক্রমণের বেশি ঝুঁকি কোথায়: ফোন ব্যবহারের সবচেয়ে বড় সমস্যা হলো খাওয়ার সময় ফোন ব্যবহার করার অভ্যাস। অনেকেই খেতে খেতে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করেন। ফলে ফোনে থাকা জীবাণু সহজেই হাতের মাধ্যমে খাবারে পৌঁছে যেতে পারে। চিকিৎসকরাও দীর্ঘদিন ধরে এসব ব্যাপারে সতর্ক করে আসছেন। খাবারের সময় ফোন ব্যবহার সংক্রমণের ঝুঁকি বাড়ায় বলে প্রতিনিয়ত সতর্ক করছেন তারা।
তাই দরকার একটি পরিষ্কার স্মার্টফোন: ফলে সংক্রমণ থেকে বাঁচতে ব্যবহারের ফোনটি নিয়মিত পরিষ্কার করার অভ্যাস গড়তে হবে। ফোন পরিষ্কার করা মূলত স্বাস্থ্য ও ডিভাইসের দীর্ঘায়ু— উভয়ের জন্যই অত্যন্ত জরুরি। ব্যাকটেরিয়ার বিস্তার রোধ, ত্বকের সমস্যা থেকে বাঁচা, ফোনের কার্যক্ষমতা ঠিক রাখা এবং অডিয়ো বা চার্জিং পোর্ট সুরক্ষিত রাখতে এটি অত্যন্ত কার্যকর।
স্বাস্থ্য ঝুঁকি: ফোন নিয়মিত পরিষ্কার না করলে, ওই স্ক্রিনে থাকা ব্যাকটেরিয়া খাওয়ার সময় আমাদের পেটেও চলে যেতে পারে। যার ফলে ডায়রিয়া, সর্দি-কাশি বা অন্যান্য রোগ সৃষ্টিকারী জীবাণু সহজেই ছড়াতে পারে। এছাড়াও প্রভাব পড়তে পারে আমাদের ত্বকেও। ফোনে জমে থাকা ধুলোবালি এবং ব্যাকটেরিয়া সরাসরি মুখে লাগলে ব্রণ, র্যাশ বা অ্যালার্জির মতো ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
কীভাবে স্মার্টফোন পরিষ্কার করবেন: প্রযুক্তি সংস্থাগুলির মতে, ফোন পরিষ্কার করতে নরম মাইক্রোফাইবার কাপড় এবং ইলেকট্রনিক ডিভাইসের জন্য নির্দিষ্ট অ্যালকোহল-ভিত্তিক ক্লিনার ব্যবহার করা উচিত। এতে শুধু জীবাণুই কমে না, স্ক্রিনের তেলচিটে ভাবও দূর হয়।
তবে স্ক্রিনের পাশাপাশি ফোনের কাভারটিও নিয়মিত পরিষ্কার করা উচিত। কেননা স্ক্রিনের মতো ফোনের কাভারেও খুব সহজে বিভিন্ন জীবানু জমে যে-কোনো অসুস্থতার মুথে ফেলতে পারে।
