

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মেজর মো. সাদিকুল হক সাদিককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই তারেকুর রহমান।
এর আগে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গতকাল জামিন পেয়েছিলেন সাবেক মেজর সাদিক।
তবে জামিনের পর কারাগার থেকে মুক্তি পাওয়ার আগেই খিলক্ষেত থানার সন্ত্রাসবিরোধী আইনের আরেক মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। এতে তার কারামুক্তি আটকে যায়।
রোববার খিলক্ষেত থানার উপ-পরিদর্শক মো. শাহজালাল তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
এর আগে ভাটারা থানার মামলায় সাদিকের জামিন শুনানিতে তার আইনজীবী প্রশ্ন তোলেন, ঘটনার সময় তিনি কারাগারে থাকলে কীভাবে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত হলেন। এ বিষয়ে আদালতের নির্দেশে ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. চাঁদ আলী লিখিত ব্যাখ্যা দেন।
পুলিশের দেওয়া ব্যাখ্যায় বলা হয়, তদন্তে সাদিকের বিভিন্ন গোপন সভা ও প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে পরবর্তী সময়ে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার যোগসূত্র পাওয়া গেছে। এ ঘটনায় তার প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার তথ্যও তদন্তে উঠে এসেছে বলে দাবি করেছে পুলিশ।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১১ নভেম্বর রাতে ভাটারা থানার বিটুমিন গেটের সামনে রাখা একটি প্রাইভেটকারে আগুন দেওয়া হয়। এ ঘটনায় গাড়ির মালিক মনির হোসেন অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। পরে তদন্তে সাবেক মেজর সাদিকের নাম আসে।
ভাটারা থানার ওই মামলায় জামিন পাওয়ার পরও খিলক্ষেত থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ফলে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে সাবেক এই মেজরকে।


