মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নীতিমালা উপেক্ষা করে সভাপতি নিয়োগ, বিভাগে তালা ঝুলিয়ে বিক্ষোভ ইবিতে

ইবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১২:৪২ পিএম
ইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
expand
ইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা উপেক্ষা করে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস শাহীদ মিয়াকে মার্কেটিং বিভাগে সভাপতি হিসেবে নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে সকাল ৯টা থেকে বিভাগে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানিয়েছে, স্পষ্ট বিধিমালা লঙ্ঘন করে অন্য বিভাগ থেকে সভাপতি নিয়োগ দিয়েছে প্রশাসন। আমরা রাজনীতি বুঝি না, নীতিমালা অনুযায়ী নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগ দিতে হবে। এক দফা দাবিতে অনঢ় থাকবে তারা।

এর আগে গতকাল সোমবার (১৭ আগস্ট) ওই বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদিকুল আজাদের সভাপতির মেয়াদ শেষ হওয়ায় ১৮ তারিখ থেকে পরবর্তী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ডিনকে দায়িত্ব দেয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানা যায়।

রেজিস্ট্রার দপ্তর এই নিয়োগের যথাযথ ব্যাখ্যা দিতে পারেননি এবং কেন এমনটা করা হয়েছে তাও অবগত নন তারা। যেহেতু বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক উপাচার্য, তিনিই ভালো বলতে পারবেন বলে এড়িয়ে যান তারা।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, সদ্য বিদায়ী সভাপতির পর রোটেশনে সভাপতির দায়িত্বে সহকারী অধ্যাপক মাজেদুল হক আসার কথা। তিনি আওয়ামীপন্থি শিক্ষক ও শেখ হাসিনাকে ফেরানোর ‘ষড়যন্ত্রে জড়িত’ বলে অভিযোগ থাকায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে, এর পরের জনকে দিতে হলে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে রেজুলেশন করতে হয়। তাই আপাতত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ডিনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে অনেকের মন্তব্য।

এদিকে নথিতে দেখা গেছে, সদ্য বিদায়ী সভাপতি সাদিকুল আজাদের পর মার্কেটিং বিভাগের সভাপতির যোগ্যতা অর্জন করেছে সহকারী অধ্যাপক মাজেদুল হক, পরের সিরিয়ালে মো. রুহুল আমিন ও মো. আলাল উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ে সভাপতি নিয়োগ নীতিমালা অনুযায়ী, সংশ্লিষ্ট বিভাগ যদি নতুন হয় এবং সহকারী অধ্যাপক পদের শিক্ষক না থাকেন তাহলে অন্য যেকোনো বিভাগ থেকে সভাপতি নিয়োগ দেওয়া যাবে।

অন্যথায় ‘সিনিয়র’ মেইনটেইন করে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগ পাবেন। তবে সর্বনিম্ন সহকারী অধ্যাপক পদমর্যাদার শিক্ষক থাকা আবশ্যক। কোনো যৌক্তিক কারণে পদ শূন্য হয় তাহলে সংশ্লিষ্ট অনুষদের ডিন দায়িত্ব পান।

সদ্য বিদায়ী সভাপতি সাদিকুল আজাদ জানান, ‘আমার মেয়াদ আজ পূর্ণ হয়েছে। শুনেছি প্রশাসন পরবর্তী সংশ্লিষ্ট ডিনকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কিভাবে কেন এমন সিদ্ধান্ত হলো আমি জানি না।’

এ ব্যাপারে জানতে চাইলে নবনিযুক্ত সভাপতি ও সংশ্লিষ্ট অনুষদের ডিন আব্দুস শহীদ মিয়া বলেন, ‘নিয়োগটা হয়তো সাময়িক সময়ের জন্য দেওয়া হয়েছে কারণ বিজ্ঞপ্তিতে ‘পুনরাদেশ না দেওয়া অব্দি’ উল্লেখ করা হয়েছে।’

নীতিমালার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘সভাপতি কাকে নিয়োগ দেওয়া হবে কি হবে না, বিষয়টির প্রক্রিয়া সম্বন্ধে আমি অবগত নই। চিঠি পেয়ে বিভাগে গিয়েছিলাম আজ।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক সংশ্লিষ্ট বিষয়ে মন্তব্য করতে অপারগতা দেখিয়েছেন।

সংশ্লিষ্ট বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank