মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাবাগানে স্ত্রী-শাশুড়ি হত্যা: আদালতে দোষ স্বীকার করে কারাগারে শিপন

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১০:০৮ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

রাজধানীর কাঁঠালবাগানে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেপ্তার জামাতা হৃদয় ওরফে শিপন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

সোমবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম তার জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম জানান, তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার পরিদর্শক সরদার ইব্রাহিম হোসেন সোহেল শিপনকে আদালতে হাজির করেন। পরে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হলে আদালত তা রেকর্ড করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত রোববার কাঁঠালবাগানের একটি বাসায় পারিবারিক কলহের জেরে শিপন প্রথমে তার স্ত্রী ফারজানা আক্তার রাত্রিকে এবং পরে বাধা দিতে এলে শাশুড়ি ফিরোজা বেগমকে সবজি কাটার ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর তিনি নিজেই থানায় গিয়ে বিষয়টি জানান। পরে নিহত রাত্রির বাবা ফারুক বাদী হয়ে কলাবাগান থানায় হত্যা মামলা দায়ের করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পাঁচ বছর আগে শিপন ও রাত্রির বিয়ে হয় এবং তাদের এক বছরের একটি ছেলে রয়েছে। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি শরীয়তপুরে পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ আরও তীব্র হয়। ঢাকায় ফেরার পর সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগে বলা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন