

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চেক ডিজঅনারের এক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
একই সঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) ঢাকার তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আরিফুল ইসলাম এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন জানান, গত ৩ মে সাহেদের অনুপস্থিতিতে আদালত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে তাকে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি চেকের সমপরিমাণ ২৩ লাখ ১৮ হাজার ৩৫৮ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
তিনি বলেন, একই ঘটনায় ২০২০ সালে আরেকটি মামলা দায়েরের বিষয়টি জানা থাকলেও চেক ডিজঅনার মামলার বিষয়ে তারা অবগত ছিলেন না। এ কারণে সাহেদ আদালতে উপস্থিত হতে পারেননি এবং তার অনুপস্থিতিতেই রায় হয়। পরে এ মামলায় জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, বাহার ট্রেডার্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী হাফিজ উদ্দিন বাহার ২০২০ সালের ২৬ জুলাই মামলাটি দায়ের করেন।
অভিযোগে বলা হয়, বিভিন্ন নির্মাণসামগ্রী কেনার বিপরীতে সাহেদ একটি চেক দিলেও ব্যাংকে উপস্থাপনের পর হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি ডিজঅনার হয়। পরবর্তীতে আইনি নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করা হয়নি।
আইনজীবীর দাবি, সাহেদের বিরুদ্ধে বর্তমানে ৩৫টি মামলা বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য, গত ২০ জুলাই রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সম্প্রতি একটি প্রতারণা মামলায় জামিন পেলেও অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তিনি কারামুক্ত হতে পারেননি।