মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একই দামে তিন গুণ গতি: বিটিসিএলের ইন্টারনেটে বড় সুখবর

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ইন্টারনেট সেবার মান বাড়াতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। গ্রাহকদের মাসিক বিল অপরিবর্তিত রেখে বিদ্যমান সব ইন্টারনেট প্যাকেজে সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত গতি বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠান।

রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩৯৯ টাকার ৫ এমবিপিএস ‘সুলভ-৫’ প্যাকেজটি এখন ২০ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে উন্নীত হয়েছে। একইভাবে ৫০০ টাকার ১২ এমবিপিএস প্যাকেজে গ্রাহকরা পাবেন ২৫ এমবিপিএস গতি। ক্যাম্পাস গ্রাহকদের জন্য ১৫ এমবিপিএস প্যাকেজে এখন সরবরাহ করা হবে ৫০ এমবিপিএস ইন্টারনেট।

মাঝারি ও উচ্চগতির প্যাকেজগুলোতেও বড় পরিবর্তন এসেছে। ৮০০ টাকার প্যাকেজে গতি বাড়িয়ে ৫০ এমবিপিএস, ১০৫০ টাকায় ১০০ এমবিপিএস এবং ১১৫০ টাকার প্যাকেজে ১২০ এমবিপিএস ইন্টারনেট দেওয়া হবে। পাশাপাশি ১৩০০ টাকার প্যাকেজে ১৩০ এমবিপিএস, ১৫০০ টাকায় ১৫০ এমবিপিএস এবং ১৭০০ টাকার প্যাকেজে সর্বোচ্চ ১৭০ এমবিপিএস গতি নির্ধারণ করা হয়েছে।

এই উদ্যোগের ফলে গ্রাহকরা আগের মতোই খরচ করে আরও দ্রুত ও স্থিতিশীল ইন্টারনেট সেবা পাবেন। বিটিসিএল কর্তৃপক্ষের মতে, এতে অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিংসহ বিভিন্ন ডিজিটাল কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

বিটিসিএল জানায়, দেশের ডিজিটাল অগ্রযাত্রাকে শক্তিশালী করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রাহক সন্তুষ্টি ও মানসম্মত সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন গ্রাহকবান্ধব সিদ্ধান্ত অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন