সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৭:২০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে দেশে নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। এর মধ্যে সহকারী সার্জন অথবা মেডিকেল অফিসার হিসেবে ৪ হাজার ৭০০ জনকে নিয়োগ দেয়া হবে। এ ছাড়া সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ পাবেন আরও ৩০০ জন। সবমিলিয়ে বছরে তাদের বেতন-ভাতা বাবদ লাগবে ২৮৮ কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে মনোযোগী বিএনপি নেতৃত্বাধীন সরকার। এ লক্ষ্যে দুই বেলা বহির্বিভাগ, ল্যাবরেটরি ও জরুরি সেবা নিশ্চিতের উদ্যোগ নেয়া হচ্ছে। সেই সঙ্গে ইনডোরে সার্বক্ষণিক চিকিৎসক উপস্থিতি নিশ্চিতের পদক্ষেপও নেয়া হচ্ছে। যার অংশ হিসেবে সহকারী সার্জন ও মেডিকেল অফিসার নিয়োগে তৈরি করা হচ্ছে নতুন আরও ৫ হাজার পদ। এর মধ্যে সহকারী সার্জন বা সমমানের ৪ হাজার ৭০০ এবং সহকারী ডেন্টাল সার্জনের পদ থাকছে ৩০০টি।

ইতোমধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের এ সংক্রান্ত প্রস্তাবে সায় দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চূড়ান্ত অনুমোদনের জন্য যা এখন অর্থ মন্ত্রণালয়ে রয়েছে। প্রস্তাব অনুযায়ী, এই খাতে কেবল বেতন-ভাতা বাবদ সরকারকে বছরে গুণতে হবে প্রায় ২৮৭ কোটি ৬৬ লাখ টাকা। সেই সঙ্গে অন্যান্য প্রশাসনিক ও পরিচালন ব্যয়ও রয়েছে।

সংশ্লিষ্ট তথ্য বলছে, সারা দেশের ৩১ শয্যার ৪৮টি, ৫০ শয্যার ৩৭৩টি এবং ১০০ শয্যার ৯টিসহ মোট ৪৩০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এসব পদ সৃষ্টি করা হচ্ছে। এর আগে কোভিড-১৯ মহামারির সময় ২০১৯-২০ অর্থবছরে শুধু স্বাস্থ্য সেবা বিভাগেই ১৫ হাজার ৩৮৮টি পদ সৃষ্টি করা হয়েছিল। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ৬ হাজার সহকারী সার্জন বা সমমান এবং ৪ হাজার সিনিয়র স্টাফ নার্সের পদে নিয়োগ।

উল্লেখ্য, নতুন কর্মসংস্থান তৈরিতে সরকারি উদ্যোগের অংশ হিসেবে চলতি অর্থবছরে কেবল স্বাস্থ্যখাতেই পদ সৃষ্টি করে ১৫ হাজার ৮২০টি পদে নতুন জনবল নিয়োগ দেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন