সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কারিনাকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ০২:১৪ পিএম আপডেট : ১১ মে ২০২৬, ০২:২৯ পিএম
ছবি : কারিনা কায়সার। এনপিবি কোলাজ
expand
ছবি : কারিনা কায়সার। এনপিবি কোলাজ

সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও অভিনেত্রী কারিনা কায়সার গুরুতর অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন। লিভার জটিলতায় আক্রান্ত এই অভিনেত্রীকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

আজ দুপুরে গণমাধ্যমকে কায়সার হামিদ জানান, মেয়েকে দ্রুত চেন্নাই নেওয়ার প্রস্তুতি চলছে। এয়ার অ্যাম্বুলেন্স ও হাসপাতালের ব্যয় মেটাতে পরিবারকে ফিক্সড ডিপোজিট ভাঙতে হচ্ছে, এমনকি জমি বিক্রির উদ্যোগও নিতে হয়েছে। তিনি বলেন, “এখন সবচেয়ে বড় বিষয় হলো ওকে নিরাপদে সেখানে নেওয়া এবং দ্রুত চিকিৎসা শুরু করা। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।”

পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে কারিনার শারীরিক অবস্থা খারাপ যাচ্ছিল। শুরুতে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে দ্রুত অবনতি ঘটে। হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকেরা তাঁর শরীরে সংক্রমণ শনাক্ত করেন। একই সঙ্গে তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন। আগে থেকেই তাঁর ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরে পরিস্থিতি জটিল হয়ে গত শুক্রবার তাঁর লিভার ফেইলিউর হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

কারিনার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কায়সার হামিদ জানান, অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। তবে চিকিৎসকেরা আপাতত তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, “অবস্থা অপরিবর্তিত। তবে প্রেশারটা নিয়ন্ত্রণে আছে।”

এর আগে কায়সার হামিদ জানিয়েছিলেন, পরিবারের জন্য চিকিৎসার ব্যয় বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। কারণ, এর আগে তাঁর আরেক ভাই দীর্ঘদিন ব্রেন ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং সেই চিকিৎসায় পরিবারের বিপুল অর্থ ব্যয় হয়েছে। এখন মেয়ের চিকিৎসার খরচ জোগাড় করতে পরিবারকে জমি বিক্রি ও সঞ্চয় ভাঙার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও নিয়মিত হচ্ছিলেন কারিনা কায়সার। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬। হাস্যরসাত্মক ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে তরুণ দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন