রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলনের বক্তব্য আমার নয়, নীলা ইসরাফিলের: তনি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম
শুক্রবার এক সংবাদ সম্মেলনে জামায়াতের নিবন্ধন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীকে দেওয়া স্বারকলিপি পাঠ করেন রোবাইয়াত ফাতিমা তনি, ইনসেটে নীলা ইসরাফির
expand
শুক্রবার এক সংবাদ সম্মেলনে জামায়াতের নিবন্ধন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীকে দেওয়া স্বারকলিপি পাঠ করেন রোবাইয়াত ফাতিমা তনি, ইনসেটে নীলা ইসরাফির

সচেতন নাগরিক সমাজের (সিসিএস) আহ্বায়ক নীলা ইসরাফিলের অনুরোধেই জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপি পাঠ করেছিলেন বলে জানিয়েছেন সংগঠনটির সদস্যসচিব রোবাইয়াত ফাতিমা তনি।

গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে স্মারকলিপি পাঠকালে সংগঠনটির আহ্বায়ক হিসেবে নীলা ইসরাফিল এবং সদস্যসচিব হিসেবে নিজের কথা জানিয়েছিলেন এই আলোচিত নারী উদ্যোক্তা।

তবে আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে তনি জানিয়েছেন, নীলা ইসরাফিলের অনুরোধে তিনি বক্তব্যটি গণমাধ্যমের সামনে পাঠ করেন।

এদিকে সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠের পর অব্যাহত প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করে হুমকিদাতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এর আগে গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ‘সচেতন নাগরিক সমাজ’ নামের একটি সংগঠন জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠানোর তথ্য জানাতে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিটি পাঠ করেন রোবাইয়াত ফাতিমা তনি।

ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনটির আহ্বায়ক নীলা ইসরাফিল, আর সদস্য সচিব রোবাইয়াত ফাতিমা তনি। তবে বিবৃতিতে নিজের পদের বিষয়টি এড়িয়ে কেবল নীলা ইসরাফিলের অনুরোধেই স্মারকলিপি পাঠ করেছিলেন বলে জানিয়েছেন তিনি। তবে বক্তব্য পাঠ ‘আনুষ্ঠানিক দায়িত্ব পালনের অংশ’ ছিল বলেও উল্লেখ করেছেন।

বিবৃতিতে রোবাইয়াত ফাতিমা তনি লিখেছেন, গত ২০ ফেব্রুয়ারি ঢাকায় সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক নীলা ইসরাফিলের উদ্যোগে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে আমি উপস্থিত ছিলাম। তিনি ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে না পারায় তার সরাসরি অনুরোধে এবং তার স্বাক্ষরিত লিখিত স্মারকলিপি অনুযায়ী আমি শুধুমাত্র সেই বক্তব্যটি গণমাধ্যমের সামনে পাঠ করি।

তিনি লিখেছেন, আমি সুস্পষ্টভাবে পুনরায় জানাচ্ছি, স্মারকলিপিটি সম্পূর্ণরূপে নীলা ইসরাফিল এবং সংশ্লিষ্ট সংগঠনের উদ্যোগ ও অবস্থানের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছিল। আমি এর রচয়িতা নই।

আমি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো চিঠি প্রদান বা অভিযোগ দায়ের করিনি। আমি শুধুমাত্র সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে প্রদত্ত লিখিত বক্তব্যটি পাঠ করেছি, যা একটি আনুষ্ঠানিক দায়িত্ব পালনের অংশ ছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X