

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বেশ কিছুদিন ধরে হলিউডপাড়ায় গুঞ্জন ছিল, যুক্তরাষ্ট্র ছেড়ে অন্য দেশে পাড়ি জমাচ্ছেন জনপ্রিয় তারকা অ্যাঞ্জেলিনা জোলি। কয়েক মাস ধরে চলা গুঞ্জন এবার সত্যি হলো। লস অ্যাঞ্জেলেসে বসবাস করা ‘লারা ক্রফট’ খ্যাত জোলি ছয় সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ায় এবার যুক্তরাষ্ট্রের বাইরে থাকার প্রস্তুতি শুরু করেছেন।
ফ্যাশন ম্যাগাজিন ল’ অফিশিয়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাঞ্জেলিনা জোলি আপাতত এক ধরনের ‘যাযাবর’ জীবন বেছে নিতে চান বলে জানান। তিনি যুক্তরাষ্ট্রের বাইরে গেলেও কোথাও পুরোপুরি থিতু হবেন না। সাক্ষাৎকারে জোলি বলেন, ‘আমার জীবনের একটি নির্দিষ্ট অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।’
বিশ্বজুড়ে ঘুরে বেড়ানোর রোমাঞ্চকর পরিকল্পনার কথা জানাতে গিয়ে এই অস্কারজয়ী অভিনেত্রী বলেন, ‘কোথাও স্থায়ীভাবে থাকার কোনো পরিকল্পনা আপাতত আমার নেই। এরপর কিছুদিন আমি যাযাবর জীবনই কাটাতে চাই।’ তবে একটা নির্দিষ্ট জায়গায় তিনি মায়ের স্মৃতি আর পারিবারিক ছবিগুলো সযত্নে রেখে যেতে চান।
দেশ থেকে চলে গেলেও নিজের ক্রিয়েটিভ ফ্যাশন হাউসকে আন্তর্জাতিক প্রমোশনের জন্য এগিয়ে নিতে চান তিনি। এর পাশাপাশি জাতিসংঘ ও নিজের অলাভজনক প্রতিষ্ঠান ‘ম্যাডক্স ফাউন্ডেশন’-এর হয়ে বিশ্বজুড়ে মানবিক কাজ চালিয়ে যাবেন তিনি। প্রথমে কয়েক মাস কম্বোডিয়ায় কাটাবেন বলে জানান জোলি।
চলতি বছরের মে মাসেই ক্যালিফোর্নিয়ার ২৯ দশমিক ৮৫ মিলিয়ন ডলারের ঐতিহাসিক বাড়িটি বিক্রির সিদ্ধান্ত নেন জোলি। সে সময় জোলির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিলেন, লস অ্যাঞ্জেলেস ছাড়ার কথা তিনি বহু বছর ধরেই ভাবছেন।
প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের চুক্তির শর্ত অনুযায়ী, সন্তানদের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত জোলিকে যুক্তরাষ্ট্রেই থাকতে হতো। ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো এবং যমজ সন্তান ভিভিয়েন ও নক্সকে নিয়ে তার সংসার। গত জুলাইয়ে যমজ সন্তানরা ১৮-তে পা দেওয়ায় সেই আইনি বাধ্যবাধকতা আর থাকছে না। এর আগে গত আগস্টে দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে জোলি আক্ষেপ করে বলেছিলেন, বিবাহবিচ্ছেদের কারণে বাধ্য হয়েই তাকে লস অ্যাঞ্জেলেসে থাকতে হচ্ছে।
২০১৬ সালে ব্র্যাড পিট ও জোলির বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়ে চূড়ান্ত রূপ পায় ২০২৪ সালে।
সূত্র: টাইমস এন্টারটেইনমেন্ট



